তালিবান দৌরাত্ম্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আফগানিস্তান-পাকিস্তানের ওয়ান ডে সিরিজ
তালিবান দৌরাত্ম্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিতই হল আফগানিস্তান-পাকিস্তানের ওয়ান ডে সিরিজ
কার্যত তালিবানদের দৌরাত্ম্যের সামনে মাথা নত করল ক্রিকেট। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল। চলতি পরিস্থিতিতে দেশের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য, যাতায়াত ব্যবস্থা ও করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে আফগান ক্রিকেট বোর্ডের উক্ত অনুরোধ মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা জানানো হয়েছে।
|
পাক ক্রিকেট বোর্ডের টুইট
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি টুইট করা হয়েছে। তাতে জানানো হয়েছে তালিবান শাসন ও ডামাডোলের জেরে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিঘ্ন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিমান চলাচলে স্থবিরতা, শ্রীলঙ্কায় বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ ও সম্প্রচারের অসুবিধার কারণে আগামী মাসের দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ স্থগিত করার জন্য আফগান বোর্ডের তরফে অনুরোধ করে হয় বলে জানিয়েছে পিসিবি। সবদিক বিবেচনা করেই ওই সিরিজ স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এহসান মানি। এই আফগান-পাক সিরিজটি ২০২২ সালে ফের আয়োজন করার চেষ্টা চালানো হবে বলে জানানো হয়েছে।

কী বলেছিলেন হামিদ শিনওয়ারি
সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে প্রথমে ঠিক হয়েছিল আফগানিস্তান বনাম পাকিস্তানের ওয়ান ডে সিরিজটি প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে বলে ঠিক হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগ্রহ দেখালেও পরে সিরিজটি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৩০ অগাস্ট পর্যন্ত লকডাউন জারি রয়েছে। তার মেয়াদ আরও বাড়তে পারে। ফলে সেখানে যে ক্রিকেট সিরিজ আয়োজন করা সম্ভব নয়, তা সোমবারই জানিয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। ঠিক হয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল সড়কপথে পাকিস্তানে যাবে। সেখান থেকে দুবাই হয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। সেই পরিকল্পনা থেকে সরে এসে পাকিস্তানেই এই সিরিজ আয়োজনের জন্য তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু তালিবানের শাসনে আফগানিস্তানে তৈরি হওয়া অস্থির পরিস্থিতিতে আপাতত কিছুদিন ক্রিকেট বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজ
আফগানিস্তান বনাম পাকিস্তানের ওয়ান ডে সিরিজটি শুরুর কথা ছিল ৩ সেপ্টেম্বর। জুলাইয়েই ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। যাঁরা বিভিন্ন দেশে টি ২০ লিগ খেলছেন তাঁদের এই দলে রাখা হয়নি। অধিনায়ক আসগর আফগান সহ একঝাঁক ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছিল। সেই মতো ম্যাচ খেলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কাবুলে অনুশীলন চলছিল আফগান ক্রিকেট দলের।

তালিবান শাসনে ক্রিকেট
তালিবান শাসনে আফগানিস্তানে আদৌ ক্রিকেটকে স্বমহিমায় দেখা যাবে কিনা, তা প্রশ্ন উঠেছিল। যদিও তারা ক্রিকেট খেলার পক্ষে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে তালিবান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাথার পরিবর্তন ঘটানো হয়েছে। সেই আবহে আফগান-পাক ওয়ান ডে সিরিজ স্থগিত রাখার ঘটনাকে অর্থবহ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications