AFG v NZ: ৯১ বছরে প্রথমবার ভারতে ঘটল এমন ঘটনা! বৃষ্টির কারণে ভেস্তে গেল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট
আশঙ্কা ক্রমেই বাড়ছিল গ্রেটার নয়ডায় আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ ঘিরে। শেষ পর্যন্ত পঞ্চম দিনের সকালে সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। একটি বলও খেলা হল না এই টেস্ট ম্যাচের। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। ৯১ বছরের ইতিহাসে ভারতের মাটিতে এই প্রথম কোনও টেস্ট ম্যাচ পরিত্যক্ত হল একটি বল খেলার আগেই।
শুক্রবার ছিল আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিন। গ্রেটার নয়ডা স্পোর্টস গ্রাউন্ড কমপ্লেক্সে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল পঞ্চম দিনের সকালে। এটি ক্রিকেটের ইতিহাসে মাত্র চতুর্থ টেস্ট যা একটি বল খেলার আগেই পরিত্যক্ত হয়েছে। গ্রেটার নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি এশিয়ায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ২১ শতকের প্রথম টেস্ট হল। অবিরাম বৃষ্টির কারণে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড টেস্টে প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে পারল না।

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি প্রথমে ৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি।বৃষ্টি এবং আউট ফিল্ড ভিজে থাকার জন্য সোমবার একটি বলও খেলা হয়নি। মঙ্গলবার দ্বিতীয় দিনেরও খেলা শুরু করা সম্ভব হয়নি মাঠ শুকনো না হওয়ায়। এমনকি বুধ ও বৃহস্পতিবারও খেলা হয়নি।
একাধিক হোম ম্যাচ ভারতের মাটিতেই খেলেছে আফগান ব্রিগেড। আফগানিস্তান বোর্ডের সঙ্গে 'মউ' চুক্তি থাকার কারণে তাদের মাঠ ব্যবহারের অনুমতি দেয় ভারতীয় বোর্ড। গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ খেলেছিলো আফগানিস্তান ।
প্রথম বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে তারা। অন্য দিকে, কিউইদের কাছে এই ম্যাচ ছিল অনুশীলনের সেরা সুযোগ। কারণ উপমহাদেশে শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে মোট পাঁচটি ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডকে। যে টেস্টগুলি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্যে রয়েছে। কিন্তু সেই সুযোগ পেল না নিউজিল্যান্ড।
১৯৩৩ থেকে ২০২৪-এই ৯১ বছরে এশিয়ায় মোট ৭৩০টি টেস্ট হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ানোর ঘটনা কখনো ঘটেনি। ১৯৯৮ সালে পাকিস্তান-জিম্বাবোয়ের ফয়সালাবাদ টেস্টও পরিত্যক্ত হয়েছিল। তবে তা ঘন কুয়াশার কারণে।
১৪৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি টেস্ট পরিত্যক্ত হয়েছে। পণ্ড হওয়া সর্বশেষ টেস্টের সঙ্গেও জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম। ১৯৯৮ সালে ডানেডিনে প্রবল বর্ষণে নিউজিল্যান্ড-ভারত ম্যাচ তৃতীয় দিনেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications