টি ২০ বিশ্বকাপের আগে দুই হেভিওয়েটকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের লক্ষ্যে আফগানিস্তান
অক্টোবরের ১৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আইসিসি টি ২০ বিশ্বকাপ। খেলাগুলি হবে ওমান, দুবাই, শারজা ও আবু ধাবিতে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। তার আগে টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চলেছে আফগানিস্তান। সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে আজ এ বিষয়টি জানানো হয়েছে।

এবিসি-র তরফে আরও জানানো হয়েছে যে, বিশ্বকাপের পর আফগানিস্তান ক্রিকেট দল অসট্রেলিয়া সফরেও যাবে। নভেম্বরের ২৭ তারিখ থেকে এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করা হয়েছে, হোবার্টে যে টেস্ট ম্যাচটি হওয়ার কথা সেটি হবে নির্ধারিত সূচি মেনেই। ২০১৭ সালে টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সপ্তম টেস্টটি খেলবেন রশিদ খানরা। এই টেস্টটি গত ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হয়। এ ছাড়া চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল। তালিবানরা আফগানিস্তানের দখলে নেওয়ার পর থেকেই আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি লাগাতার দাবি করতে থাকেন, ক্রিকেটের ক্ষেত্রে দেশে পালাবদলের কোনও প্রভাব পড়বে না। আফগান বোর্ডের প্রধান পদে বদল এনে পুরুষদের ক্রিকেট খেলা চালিয়ে যেতে সবুজ সঙ্কেত দেয় তালিবানরাও। গতকাল কাবুল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একটি ফ্রেন্ডলি ম্যাচও খেলেন আফগান ক্রিকেটাররা। যদিও মহিলাদের ক্রিকেটের ভবিষ্যৎ এখনও অন্ধকারেই।

শিনওয়ারি জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজটির জায়গা ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে সিরিজ ও ক্রীড়াসূচি ঘোষণা করা হবে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তালিবান-শাসন শুরুর পর বিমান চলাচল বন্ধ থাকা ও শ্রীলঙ্কায় করোনা লকডাউনের জেরে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারেনি আফগানিস্তান। এই সিরিজটি আগামী বছর অবধি স্থগিত হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে দেশে পালাবদলের পর এই ত্রিদেশীয় সিরিজই হতে চলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম কোনও আন্তর্জাতিক সিরিজ আয়োজন। তবে কাবুলে নয়। খেলাগুলি হবে কাতার কিংবা সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে ওই সময় আইপিএল চলবে। ফলে কাতারে সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে ত্রিদেশীয় সিরিজ হলেও তিন দেশেরই বেশ কয়েকজন তারকা খেলতে পারবেন না। কারণ, সকলেই আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি রশিদ খানরাও থাকবেন আইপিএল দলের সঙ্গেই। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল বাংলাদেশ সফরে গিয়ে ম্যাচগুলি খেলবে সিলেটে। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল গত বছর বিশ্বকাপ জেতার পর আর খেলতে পারেনি। আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক ও একটি চার দিনের ম্যাচ খেলবে। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচ।












Click it and Unblock the Notifications