Bengal Champion: মেয়েদের অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে ট্রফি জিতল বাংলা, ফাইনালের সেরা অদ্রিজার উত্থানে ভূমিকা অভিষেকের
Bengal Champion: মেয়েদের অনূর্ধ্ব ১৫ ওয়ান ডে ট্রফিতে পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলা। জয়পুরের আরসিএ গ্রাউন্ডে বাংলার জয় ৪৭ রানে।
মেয়েদের ক্রিকেটকে সিএবি যে বেশ কয়েক বছর ধরে গুরুত্ব দিয়ে আসছে, উন্নতমানের প্রশিক্ষণ ও পরিকাঠামো সুনিশ্চিত করে, এই সাফল্য তারই ফসল।

টস জিতে ব্য়াট করতে নেমে বাংলা ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল। ওপেনিং জুটিতে ওঠে ১১৬। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৩ বলে ৬২ রানে অপরাজিত থাকে অদ্রিজা সরকার। অদ্রিজাই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে। অপর ওপেনার তোরিয়া সিংহ রায়ের সংগ্রহ ৪৩।
অধিনায়ক সন্দীপ্তা পাত্র তিনে নেমে ২৯ বলে ২২ রানে অপরাজিত থাকে। জবাবে ৩৫ ওভারে পাঞ্জাব ৬ উইকেটে ১১০ রানের বেশি তুলতে পারেনি। অধিনায়ক জ্যোতি ২৫ ও বর্ষা রানি ২৪ রান করে আউট হয়। সন্দীপ্তা পাত্র ৪ ওভারে ১১ রান ও দেবযানী দাস ৭ ওভারে ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নেয়। স্নিগ্ধা বাগ ৬ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছে। অদ্রিজা ১ ওভারে ১ রান দেয়।
বাংলার এই সাফল্যে উচ্ছ্বসিত আইসিসি গভর্নিং কাউন্সিলের সদস্য তথা প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তিনি ফেসবুকে লিখেছেন, সন্দীপ্তা, দেবযানী, প্রত্যূষা দে-র মতো প্লেয়াররা ২০২২ সালে সিএবি আয়োজিত শিবিরে ওপেন ট্রায়াল ও ভালো পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছিল।
আজ তারাই বাংলাকে গর্বিত করায় উচ্ছ্বসিত অভিষেক। তিনি পোস্ট করেছেন ম্য়াচের সেরা অদ্রিজাকে নিয়েও। অভিষেক জানান, রাজস্থান ক্লাবে বছর পাঁচেক আগে ৮ বছর বয়সে ট্রায়ালে নেমেছিল অদ্রিজা। তার বোলিং, ব্যাটিং মুগ্ধ করেছিল অভিষেক, প্রাক্তন মহিলা ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায়দের।
এরপর ৮ বছর বয়সেই সিএবি আয়োজিত মেয়েদের টি২০ লিগে বড়দের সঙ্গে নেমে পড়ে অদ্রিজা। অভিষেক কথা বলেছিলেন বিসিসিআই কর্তাদের সঙ্গে। জানা যায়, টুর্নামেন্ট খেলতে বয়সের কোনও সীমারেখা নেই। তবে যেহেতু অদ্রিজা তখন ছোট, তাই বড়দের সঙ্গে খেললে চোট লাগার আশঙ্কা করেছিলেন অনেকেই।
অদ্রিজার মা মৌসুমী দেব সরকার এক সাক্ষাৎকারে জানান, সাড়ে তিন বছর বয়সে অদ্রিজাকে পালান চ্যাটার্জি ক্রিকেট আকাদেমিতে নিয়ে যাওয়া হলেও বয়সের কারণে তাকে কেউ নিতে চায়নি। অদ্রিজার বাবার অনুরোধ-উপরোধে সকলে রাজি হন।
অদ্রিজা ঝুলন গোস্বামী আর ডেল স্টেইনের ভক্ত। ছোট থেকেই তার বলের গতি চমকপ্রদ। টপ অর্ডারে ব্যাট করতেও পারদর্শী। অভিষেক ডালমিয়া জানান, এমন প্রতিভার পাশে সবরকমভাবে সব সময় থাকে রাজস্থান ক্লাব। অদ্রিজার জাতীয় মঞ্চে সাফল্য তাই সত্যিই তৃপ্তিদায়ক। বাংলার মহিলা ক্রিকেটের ঐতিহ্য এই ক্রিকেটাররাই আগামী দিনে বহন করবে।












Click it and Unblock the Notifications