ভারতেই আয়োজিত হতে চলেছে আসন্ন আইপিএল, মাঠে প্রবেশাধিকার পেতে পারেন দর্শকরাও
ভারতেই আয়োজিত হতে চলেছে আসন্ন আইপিএল, মাঠে প্রবেশাধিকার পেতে পারেন দর্শকরাও
সংযুক্ত আরব আমিরশাহী বা দক্ষিণ আফ্রিকা নয়, ভারতের মাটিতেই আসন্ন আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই। বিভিন্ন সূত্র মারফত এমন খবরই সামনে আসছে। মহারাষ্ট্র এবং গুজরাত-এই দু'টি রাজ্যে পুরো আইপিএল আয়োজন করার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, "এখনও পর্যন্ত পর্যন্ত যা পরিস্থিতি তাতে মহারাষ্ট্রে লিগ পর্যায়ের ম্যাচগুলো আয়োজন করতে চাইছে বোর্ড এবং নক আউট পর্ব খেলা হওয়ার কথা রয়েছে গুজরাতে।" বৃহস্পতিবার অফিস বেয়ারারদের সঙ্গে বৈঠকের পর বিসিসিআই পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নিয়ে এই বছর আইপিএল ভারতে আয়োজন করা হবে। প্ল্যান 'বি' যদি তৈরি করে রাখা হয়েছে। মহারাষ্ট্র এবং গুজরাতে কোভিড পরিস্থিতির মাত্রাতিরিক্ত অবনতি হলে আইপিএল'কে নিয়ে যাওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।
আইপিএল-এর লিগ পর্বের ম্যাচগুলি মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে খেলা হবে। এই তিন স্টেডিয়াম হল, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডি ওয়াই পটেল স্টেডিয়াম। প্লে-অফের ম্যাচগুলি খেলা হওয়ার সম্ভবনা প্রবল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবরও রয়েছে। এই মুহূর্তে নতুন করে কোভিড আক্রান্তের গ্রাফটা কম। রাজ্য সরকারগুলি আইপিএল-এর জন্য ২৫ শতাংশ সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে, এমনটাই আশা করা হচ্ছে। গত বছর ডিসেম্বরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সেট করে দেওয়া কোভিড গাইডলাইন মেনে যেই মডেল অনুসরণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সেই মডেলই আইপিএল আয়োজন করার চেষ্টা চালানো হচ্ছে। এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে তাদের বিশ্বস্ত সূত্র বলেছে, "সরকারের গাইডলাইন অনুযায়ী পঞ্চাশ শতাংশ দর্শকের অনুমতি রয়েছে ইন্ডোরে। যার ফলে প্রেস বক্সও পঞ্চাশ শতাংশ ভর্তি থাকতে পারে। মহারাষ্ট্র সরকারও চায় কোভিড প্রোটোকল, গাইডলাইন মেনে এবং বায়ো বাবলের মধ্যে থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্ট নিজেদের রাজ্যে আয়োজন করতে। এই কারণেই মুম্বই এবং পুনেতে এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজনের ছাড়পত্র দিয়েছে সরকার। টাটা ওপেন টেনিস টুর্নামেন্টও হতে চলেছে পুনেতে। একই একই শহরে হবে পরবর্তী আইপিএল-ও।"
দেশের মাটিতেই শুরু থেকে আইপিএল আয়োজন করার জন্য মরিয়া ছিল বোর্ড। কিন্তু চলতি মাসের শুরুর দিকে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির দিকে লক্ষ্য করে বিসিসিআই আইপিএল সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার কথা ভাবাও হয়েছিল। তবে, দেশে ফের কোভিড নিয়ন্ত্রণে আসায় ঘরের মাঠেই বিশ্ব ক্রিকেটের গ্ল্যামারাস লিগ আয়োজন করতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই।












Click it and Unblock the Notifications