Emerging Teams Asia Cup 2024: ইমার্জিং টিম এশিয়া কাপে অপরাজেয় ভারতীয় এ দল, সেমিতে সামনে আফগানিস্তান
Emerging Teams Asia Cup 2024: অপরাজেয় থেকেই ওমানে চলতি ইমার্জিং টিমস এশিয়া কাপ টি২০-র সেমিফাইনালে উঠল ভারত। আজ হারাল ওমানকে।
এই টুর্নামেন্টটির আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় এ দলকে নেতৃত্ব দিচ্ছেন তিলক বর্মা (Tilak Varma)।

টুর্নামেন্টের বি গ্রুপে ভারতীয় এ দলের সঙ্গে রয়েছে পাকিস্তান শাহীনস, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। বি গ্রুপে খেলছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের এ দল এবং হংকং। ভারত সব ম্যাচ জিতে বি গ্রুপে শীর্ষে থাকায় সেমিফাইনালে খেলবে এ গ্রুপের দ্বিতীয় দল আফগানিস্তান এ দলের বিরুদ্ধে।
যতিন্দর সিংয়ের নেতৃত্বাধীন ওমান আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে। মহম্মদ নাদিম সর্বাধিক ৪১ রান করেন। উইকেটকিপার হামাদ মির্জা ২৮ রানে অপরাজিত থাকেন। ভারতের ৮ জন বোলার এদিন বল করেন।
আকিব খান, রসিখ সালাম, নিশান্ত সিন্ধু, রামনদীপ সিং ও সাই কিশোর একটি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে ১৫.২ ওভারেই ভারতীয় এ দল জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চারে নেমে আয়ুষ বাদোনি ২৭ বলে ৫১ রান করে ম্যাচের সেরা হন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার, ২টি ছয়।
অনুজ রাওয়াত ৮, অভিষেক শর্মা ১৫ বলে ৩৪, নেহাল ওয়াধেরা ১ রান করেন। অধিনায়ক তিলক বর্মা ১টি চার ও ২টি ছয়ের সৌজন্যে তিনে নেমে ৩০ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। রামনদীপ সিং ৪ বলে ১৩ রান করে নট আউট থেকে যান। করণ সোনাভালে, জয় ওডেডরা, সুফিয়ান মেহমুদ ও আমির কলিম ১টি করে উইকেট নেন।
শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তানের এ দল। তার আগে সেদিনই প্রথম সেমিফাইনালে পাকিস্তান শাহীনসের খেলা রয়েছে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে। রবিবার হবে ফাইনাল। তাতে ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার পথ খোলাই থাকছে।












Click it and Unblock the Notifications