অভিষেকের ব্যাটে ফের ঝড়, বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। বুধবার দুবাইয়ে বাংলাদেশকে ৪১ রানে পরাস্ত করল টি২০-র বিশ্বচ্যাম্পিয়নরা।
অভিষেক শর্মা চলতি এশিয়া কাপে টানা দ্বিতীয় অর্ধশতরান হাঁকালেন, টি২০ আন্তর্জাতিকে যা তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি। জিতে নিলেন ম্যাচের সেরার পুরস্কারও।

টস জিতে বাংলাদেশ ভারতকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১৬৮ রান তোলে। ওপেন করতে নেমে অভিষেক ৩৭ বলে ৭৫ রান করলেন। মেরেছেন ৬টি চার ও পাঁচটি ছয়। অর্ধশতরান পূর্ণ করেন ২৫ বল খেলে। শুভমান গিল ১৯ বলে ২৯ রান করেন।
শিবম দুবেকে এই ম্যাচে তিনে পাঠানো হয়। তিনি ৩ বলে ২ রান করেই আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ১১ বলে ৫ রানের বেশি করতে পারেননি। হার্দিক পাণ্ডিয়া পাঁচে নেমে চারটি চার ও একটি ছয়ের সৌজন্যে ২৯ বলে ৩৮ রান করেন। তিলক বর্মা নামেন ছয়ে, তাঁর সংগ্রহ ৭ বলে ৫। অক্ষর প্যাটেল ১৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন দুটি এবং তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও মহম্মদ সৈফুদ্দিন একটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে বাংলাদেশ ১২৭ রানেই গুটিয়ে যায়। ওপেনার সইফ হোসেন তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৬৯ রান করেন। তিনে নামা পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২১ রান করে আউট হন। জাকের আলির নেতৃত্বাধীন দলের বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। এই ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। ১৮ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।
কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন। চার ওভারে ১৮ রান দিয়ে জসপ্রীত বুমরাহ নেন ২টি উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৯ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৭ ও তিলক বর্মা ৩টি বল করে ১ রান দিয়ে ১টি করে উইকেট পান। নিয়মরক্ষার ম্যাচে শুক্রবার ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা হবে তা চূড়ান্ত হয়ে যাবে বৃহস্পতিবারই। পাকিস্তান ও বাংলাদেশ সুপার ফোরে দুটি করে ম্যাচ খেলে দুই পয়েন্টে দাঁড়িয়ে। বৃহস্পতিবার পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ কার্যত সেমিফাইনাল। যারাই জিতবে তারা ফাইনালে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা সুপার ফোরে দুটি ম্যাচে হেরে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।












Click it and Unblock the Notifications