জল্পনার অবসান! কেকেআর হেড কোচ হিসেবে ঘোষণা করল অভিষেকের নায়ারের নাম
জল্পনার অবসান। অভিষেক নায়ারকেই হেড কোচ হিসেবে নিযুক্ত করল কলকাতা নাইট রাইডার্স। চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ।
আইপিএলের সর্বশেষ মরশুমেও অভিষেক চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসেবে কাজ করেছেন। এবার তাঁর পদোন্নতি হলো।

গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর অভিষেককে ভারতীয় দলের সহকারী কোচ করেছিলেন। কিন্তু অভিষেককে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলে কেকেআর তাঁকে নিযুক্ত করেছিল। কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, "২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্স পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। তিনি খেলোয়াড়দের মাঠের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই সহায়তা করে থাকেন। খেলার প্রতি তাঁর গভীর বোঝাপড়া এবং খেলোয়াড়দের সঙ্গে সংযোগ আমাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁকে প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা আনন্দিত এবং কেকেআর-কে তার নতুন অধ্যায়ে নেতৃত্ব দিতে দেখে আমরা উচ্ছ্বসিত।"
৪২ বছর বয়সী নায়ার একজন প্রাক্তন অলরাউন্ডার। তিনি বহু বছর মুম্বইয়ের হয়ে খেলেছেন এবং ২০০৯ সালে ভারতের হয়ে তিনটি ওয়ান ডে ম্যাচও খেলেছেন। তবে কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার আগে, ২০১৮ সালে তাঁকে কেকেআর আকাদেমির প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়।
এরপর তিনি মূল দলের সাপোর্ট স্টাফে সহকারী কোচ হিসেবে যোগ দেন। এ ছাড়া, ২০২২ সালের সিপিএল-এ তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। কেকেআর-এর সঙ্গে থাকাকালীন নায়ার এবং দলের পরামর্শদাতা গম্ভীরের মধ্যে সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়।
কেকেআরে চন্দ্রকান্ত পণ্ডিত তিন মরশুম হেড কোচ ছিলেন। ২০২৪ সালে কেকেআর ১০ বছর পর আইপিএল খেতাব জিতলেও চলতি বছর নাইট-বাহিনী প্লে অফে যেতে পারেনি। পণ্ডিত এখন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশে ফিরে গিয়েছেন, যেখানে তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কেকেআরে এখন আরও সাপোর্ট স্টাফ নিয়োগ বাকি। বোলিং কোচ ভরত অরুণ এবং স্পিন-বোলিং কোচ কার্ল ক্রো লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। তাঁদের বিকল্প বেছে নিতে হবে কেকেআরকে।












Click it and Unblock the Notifications