বিরাটের সঙ্গে থাকা তারকা-পুত্রকে চিনছেন? অনূর্ধ্ব ১৯ দলে অভিষেকেই কাড়লেন নজর
Aaryavir Sehwag: ফের এক তারকা ক্রিকেটারের পুত্রের অভিষেক হলো অনূর্ধ্ব ১৯ রাজ্য দলের হয়ে। অভিষেকে নজরও কাড়লেন। দলকে জেতাতে অবদানও রাখলেন।
বীরেন্দ্র শেহওয়াগ তাঁর পুত্রকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সেই জন্য অনেকটা সময় ব্যয় করে পড়ে থাকেন পুত্রের অনুশীলন নিয়ে। বীরুর সেই স্বপ্নপূরণেরই একেকটি ধাপ অতিক্রম করছেন আর্যবীর।

শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ বিভাগে ৫০ ওভারের টুর্নামেন্ট ভিনু মাঁকড় ট্রফি। পুদুচেরীর এসএলআইএমএস ক্রিকেট মাঠে দিল্লির গতকাল খেলা ছিল মণিপুরের বিরুদ্ধে। সেই ম্য়াচেই দিল্লির অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেললেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর।
১৬ বছরের আর্যবীর বাবার মতোই ওপেনার হিসেবে খেলতে পছন্দ করেন। গতকালের ম্যাচে তিনি ওপেনই করতে নেমেছিলেন। ৬৪ বলে ৪৯ রানের ঝকঝকে ইনিংসও খেললেন। মারলেন ৬টি চার, ১টি ছয়। প্রণব পন্থের নেতৃত্বাধীন দিল্লি এই ম্যাচ জিতল ৬ উইকেটে।
যেভাবে আর্যবীর খেলছিলেন তাতে অর্ধশতরান পেতেই পারতেন। কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়ে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অভিষেকেই অর্ধশতরান অধরা রইল ১ রানের জন্য। ২১তম ওভারের চতুর্থ বলে আউট হন আর্যবীর। সার্থক রায়ের সঙ্গে ওপেনিং জুটিতে যোগ করেন ৩৩। পরে প্রণবের সঙ্গে আর্যবীরের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৬১।
প্রণব পন্থ ৪৫ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। দিল্লির টার্গেট ছিল ১৬৯ রানের। ২৬ ওভারেই চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ভিনু মাঁকড় ট্রফিতে দিল্লি রয়েছে গ্রুপ ডি-তে। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে তারা। কাল তাদের প্রতিপক্ষ হরিয়ানা।
উল্লেখ্য, ডিসিসিএ-র হয়ে ট্রায়াল ম্যাচে এর আগে ১৩৬ বলে ১৮৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন আর্যবীর। ২০২২ সালে শেহওয়াগ-পুত্রর দিল্লি অনূর্ধ্ব ১৬ দলের সম্ভাব্য তালিকায় নাম ছিল। আর্যবীরের ইনস্টাগ্রামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলার ভিডিও রয়েছে।
আর্যবীরের ইনস্টাগ্রামে যে ভিডিওগুলি রয়েছে তাতে স্পষ্ট তাঁর খেলায় বাবার ব্যাটিংয়ের ছাপ রয়েছে। সামনে অনেক পথ চলা বাকি। তবে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অভিষেকটা ভালোই হলো আর্যবীরের। বিরাট কোহলির সঙ্গে ছোট্ট আর্যবীরের ছবিও রয়েছে ইনস্টাগ্রামে। তারকা-পুত্র তারকাদের সান্নিধ্যে নিজেকে কতটা পরিণত করতে পারবেন তা বলবে সময়। তবে এটাও ঠিক, বিখ্যাত বাবার পুত্র হওয়ায় তাঁর উপর প্রত্যাশার চাপও থাকবে অনেকটাই।












Click it and Unblock the Notifications