কোহলির ব্যাট আর স্পিনারদের বোলিংয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
চেন্নাই, ২২ অক্টোবর : কিছুদিন ধরেই সেভাবে ব্যাট কথা বলছিল না তাঁর। অফ ফর্ম না থাকলেও সেভাবে বড় রান আসছিল না। তবে এদিন বিরাট কোহলি ব্যাট হাতে শাসন করলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের স্লো পিচে প্রথম থেকেই বল সেভাবে ব্যাটে আসছিল না। তার উপরে শুরুর দিকেই শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উইকেট খুইয়ে ফেলে ভারত।

এমন অবস্থায় নামেন কোহলি। তাঁর অনবদ্য ১৩৮ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯৯ রান তোলে ভারত। কোহলিকে সঙ্গ দেন প্রথমে অজিঙ্ক রাহানে (৪৫) ও পরে সুরেশ রায়না (৫৩)।
শেষের দিকে যদিও ভারত ২০-২৫ রান কম করে ২৯৯-এ ইনিংস শেষ করে। শেষদিকে ধোনি চেষ্টা করলেও বড় হিট মারতে ব্যর্থ হন। তবে এই রান প্রোটিয়াদের জন্য যথেষ্ট ছিল।
জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন কুইন্টন ডি কক। ঝড়ের গতিতে ভুবনেশ্বর কুমারদের মেরে রান তুলতে থাকেন তিনি। তবে স্পিনাররা আসতেই ম্যাচে ফেরে ভারত। হরভজন, অক্ষর প্যাটেল ও অমিত মিশ্রর দাপটে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে প্রথমদিকে ডি কক (৪৩) ও পরে অধিনায়ক ডেভিলিয়ার্স (১১২) রান করলেও বাকীরা সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
আর ফলে চতুর্থ একদিনের ম্যাচে ৩৫ রানে সহজ জয় পেল ভারত। শেষের দিকে ভুবনেশ্বর কুমার ৩ উইকেট নিলেও মাঝের ওভারে স্পিনাররাই ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেন।
আপাতত সিরিজ ২-২ হয়ে রয়েছে। মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচটি নির্ণায়ক হয়ে দাঁড়াল। শেষ ম্যাচ যে দল জিতবে, সিরিজ হবে তাঁদেরই।












Click it and Unblock the Notifications