৪৮ বছর বয়সে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সাড়া জাগিয়ে অভিষেক নাইট তারকার
৪৮ বছর বয়সে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সাড়া জাগিয়ে অভিষেক নাইট তারকার
বয়স শুধুই সংখ্যা মাত্র, খেলার দুনিয়ায় প্রচলিত এই বাক্য ফের প্রমাণ করে দিলেন এক ক্রিকেটার। বয়স ৪৮, তাতে কী! এই বয়সেই বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক। যে বয়সে ক্রিকেট থেকে অবসর নিয়ে ঘরে বসে টিভিতে ক্রিকেট উপভোগ করার সময়, সেই বয়সেই বিদেশে বল হাতে ভেল্কি দেখাতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার প্রবীন তাম্বে।

সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে কীর্তি
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে অভিষেক হল প্রবীন তাম্বের। আসন্ন আইপিএলে কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন ৪৮ বছর বয়সী এই ক্রিকেটার। প্রসঙ্গত সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে প্রবীন তাম্বে ম্যাচ খেললেন। ৪৮ বছর ৩২২দিন বয়সে সিপিএলে খেললেন তাম্বে। এর আগে অস্ট্রেলিয়ারব্র্যাড হগ কোনও টি-২০ লিগে সবচেয়ে বেশি(৪৬ বছর ৩৬৫ দিন) বয়সী ক্রিকেটার হিসেবে খেলেছেন।

নাইট জার্সিতে অভিষেক
তাম্বেকে ছাড়া সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, লিগের প্রথম তিন ম্যাচের সবক'টিতে জয় পেলেও সেন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে কুইন্স পার্ক ওভালের বুধবার তাম্বেকে রেখেই দল ঘোষণা করে নাইটরা।

সাড়া জাগিয়ে অভিষেক
সাড়া জাগিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের শুরুটা করলেন তাম্বে। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই এদিন নাজিবুল্লাহ জাদরানের উইকেট তুলে নেন তিনি।

তাম্বের বোলিং ফিগার
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন এক ওভারই হাত ঘোরানোর সুযোগ মেলে তাম্বের। প্রথম পাঁচ বলে ১৫ রান দিলেও শেষ বলে জাদরানের উইকেট তুলে নেন রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তনি। সুনীল নারিনের পরিবর্ত হিসেবে এদিন নাইটদের দলে সুযোগ পেয়েছিলেন তাম্বে।












Click it and Unblock the Notifications