Three Super Overs: এক ম্যাচে তিন সুপার ওভার, কোহলির খাসতালুকে ঘটল বিরাট অভাবনীয় ঘটনা
Three Super Overs: এক বা দুটি নয়। টি২০ ম্যাচের ফয়সালা হতে লাগল তিন-তিনটি সুপার ওভার। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
মহারাজা ট্রফির ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল হুবলি টাইগার্স, রীতিমতো ইতিহাস গড়ে। পরাস্ত বেঙ্গালুরু ব্লাস্টার্স।

হুবলি টাইগার্স প্রখমে ব্যাট করে তুলেছিল ১৬৪ রান। জেতার জন্য বেঙ্গালুরু ব্লাস্টার্সের শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান, হাতে ছিল তিন উইকেট। যদিও এই ওভারে তিন উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পারেনি বেঙ্গালুরু। ফলে ম্যাচ টাই হয়ে যায়।
মানবন্ত কুমারের প্রথম বলে চার মেরেছিলেন জ্ঞানেশ্বর নবীন। পরের বলে তিনি আউট হন। ফলে শেষ চার বলে ২ রান তুলতে পারেনি বেঙ্গালুরু ব্লাস্টার্স। প্রথম দুই বলে তিনি এক রানও নিতে পারেননি। পঞ্চম বল খেলে রিটায়ার্ড আউট হন। এই বলে এক রান বাই হয়। শেষ বলে ক্রান্তি কুমার রান আউট হতে ম্যাচ টাই হয়ে যায়।
প্রথম সুপার ওভারে সিমার এলআর কুমার প্রথম বলেই আউট করে দেন বেঙ্গালুরুর অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে। ব্লাস্টার্স তোলে ১০ রান। অনিরুদ্ধ যোশী শেষ বলে ৬ মারেন। হুবলির জেতার জন্য যখন শেষ ৩ বলে ৮ রান দরকার, তখন অধিনায়ক মণীশ পাণ্ডে ছয় মারেন। তা সত্ত্বেও লভিশ কৌশলের ওভারে ম্যাচ জেতাতে পারেননি।
এরপর হুবলি টাইগার্স পরের সুপার ওভারে প্রথম ব্যাটিং করে। মণীশ পাণ্ডে ও মানবন্ত কুমার ৮ রানের বেশি তুলতে পারেননি। হুবলির হয়ে বল করতে যান বিদ্ব্য়থ কাভেরাপ্পা। তিনি প্রথম বলে চার হজম করলেও বেঙ্গালুরু সেই আট রানেই থমকে যায়।
তৃতীয় সুপার ওভারে মানবন্তের প্রথম বলে অনিরুদ্ধ যোশী আউট হন। তা সত্ত্বেও বেঙ্গালুরু তোলে ১২, শুভাঙ্গ হেগড়ে শেষ বলে ছয় মেরেছিলেন। হুবলি টাইগার্সের হয়ে ব্যাট করতে নামেন মানবন্ত ও পাণ্ডে। দ্বিতীয় বলে মানবন্ত বোলারের মাথার উপর দিয়ে চার মারেন। এরপর ক্রান্তি কুমারের তিন বলে মাত্র তিন রান তুলতে পারে হুবলি, যার মধ্যে ১ রান অতিরিক্ত।
শেষ বলে দরকার ছিল চার। অনেকে ভাবছিলেন হয়তো ম্যাচ গড়াবে চতুর্থ সুপার ওভারে। কিন্তু তার আর দরকার পড়েনি। ফুল টস ডেলিভারি ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে পাঠিয়ে বাউন্ডারি নিশ্চিত করেন মানবন্ত। যার জেরে কষ্টার্জিত জয় পায় হুবলি টাইগার্স।












Click it and Unblock the Notifications