লর্ডসে সৌরভের অভিষেক সেঞ্চুরি, ফিরে দেখা সেই মুহূর্ত
শুরুটা হয়েছিল ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার ব্রিসবনে ভারতের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের।
শুরুটা হয়েছিল ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার ব্রিসবনে ভারতের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের। প্রথম ম্যাচে ২০ বছরের ওই তরুণ দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের সামনে টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরে এসেছিলেন।

ওই একটা ম্যাচেই কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাঁর স্বপ্ন। ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌরভ। কিন্তু হেরে যাওয়া যে তাঁর স্বভাবে নেই। এই অপমানের জবাব দিতে আগের থেকেও বেশি পরিশ্রম শুরু করেন মহারাজ। ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করার সৌজন্যে অচিরেই ফের নির্বাচকদের নজর তাঁর দিকে ঘুরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
১৯৯৬-এ ইংল্যান্ডগামী ভারতীয় দলে আবারও ডাক পান মহারাজ। যদিও প্রথম টেস্টে প্রথম এগারোয় সুযোগ পাননি সৌরভ। ইংল্যান্ডের কাছে সেই টেস্ট হেরেছিল মহম্মদ আজহারউদ্দিন নেতৃত্বাধীন ভারত। দুই দলের দ্বিতীয় টেস্ট নির্ধারিত ছিল ঐতিহাসিক লর্ডসে। কিন্তু সেই ম্যাচের আগেই কোনও এক কারণে রহস্যজনক ভাবে দল ছেড়ে দেশে ফিরে যান নভজোৎ সিং সিধু। কে হবেন তাঁর পরিবর্ত। দৌড়ে কিন্তু এগিয়ে ছিলেন সঞ্জয় মঞ্জেরেকর। অন্তত অধিনায়ক আজহারউদ্দিনের প্রথম পছন্দ ছিলেন ওই মুম্বইকর।
কোনও কারণে সঞ্জয় মঞ্জেরেকরের পরিবর্তে তরুণ সৌরভ গঙ্গোপাধ্যায়কে খেলালোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খবর রটে যায়, কোটায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার এই তরুণ। এছাড়াও আরো নানাবিধ কটাক্ষ উড়ে এসেছিল সেদিন। তবু তিনি ছিলেন আশ্চর্য শান্ত।
২০ জুন ১৯৯৬। অবশেষে শুরু হয়েছিল সেই ঐতিহাসিক টেস্ট। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথম ইনিংসে ৩৪৪ রান তুলেছিলেন ইংরেজরা। জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করতে মেনে ৫৯ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় ভারত। ঘরোয়া ক্রিকেটে মিডিল অর্ডারে খেলে অভ্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেদিন বলা হয়েছিল তিন নম্বরে নামতে। তাতে মোটেই ঘাবড়ে যাননি বাংলার ওই তরুণ। ক্রিস লুইস, ডোমিনিক কক, অ্যালেন মৌলালি, পিটার মার্টিনদের অগ্নিচক্ষুর জবাব দিতে বুক চিতিয়ে মাঠে নেমে পড়েন মহারাজ।
দ্বিতীয় দিনের শেষে ২৬ রানে অপরাজিত থাকেন সৌরভ। ডোমিনিক ককের হঠাৎ উঠে আসা বলে বাঁ-হাতের আঙুলে চোটও পান তিনি। সেই অবস্থাতেই তৃতীয় দিনে ব্যাট করতে নেমে যা করে দেখালেন, তাতে অবাকই হয়েছিল ক্রিকেট বিশ্ব। প্রমাণ হয়েছিল, কোটায় নন, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন নিজের দক্ষতায়। অ্যান্ড হি ডিজার্ভ ইট।
২২ জুন ১৯৯৬। তৃতীয় দিনের শেষে ৩০১ বলে ১৩১ রান করে সৌরভ যখন আউট হয়ে মাঠ ছাড়লেন তখন তাঁর চলন ছিল মহারাজেরই মতো। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেটও নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরের ইতিহাস তো সকলেরই জানা।












Click it and Unblock the Notifications