আজ প্রথম টেস্ট : কুম্বলে-কোহলি জুটি ও স্পিনের ভরসায় নামছে ভারত
অ্যান্টিগা, ২১ জুলাই : নতুন কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি জুটির নয়া রসায়ন ক্লিক করে কিনা তা সময়ই বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের শুকনো উইকেটে পুরনো অস্ত্রেই শান দিতে চলেছে ভারত। তিন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্রকে খেলিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংকে দুরমুশ করতে চাইছেন বিরাট কোহলি।
অ্যান্টিগার উইকেটে তিন স্পিনার খেলালে বাকী দুই পেসার হতে পারেন ইশান্ত শর্মা ও মহম্মদ শামি। এছাড়া উইকেটকিপার ঋদ্ধিমান সাহার সঙ্গে পাঁচ স্পেশালিস্ট ব্যাটসম্যান হবেন মুরলী বিজয়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মার মধ্যে কোনও একজন।

ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শক্তিশালী ভারতীয় দলই যে ফেভারিট তা বলার অপেক্ষা রাখে না। তবে অ্যান্টিগার পিচ ও পরিবেশ বিচার করলে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না কার্লোস ব্রেথওয়েট বা দেবেন্দ্র বিশুদের।
দুটি অনুশীলন ম্যাচে ভারতীয় দল যথাসম্ভব পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সম্ভাব্য প্রথম ১৩ জন খেলোয়াড়ও বাছা রয়েছে। তবে প্রথম একাদশ বাছতে গিয়ে খানিক সমস্য়ায় পড়বেন কোহলি। পূজারা নাকি রোহিত, কাকে খেলাবেন সেটা বড় প্রশ্ন হতে চলেছে।
তবে সবশেষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে ভারত, এমনটাই আশ্বাস দিয়েছেন অধিনায়ক কোহলি। তাঁর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে, পাঁচ বোলার নামিয়েই ম্যাচ জিততে চান তিনি। সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান কম খেলালে সেই দায়িত্ব বাকীদের নিতে হবে। এছাড়া উইকেটকিপার হিসাবেই শুধু নয়, ঋদ্ধিমান সাহাকে ব্যাট হাতেও বড় ইনিংস খেলতে হবে।












Click it and Unblock the Notifications