নেটে রোহিত-ধাওয়ানকে আউট করা কে এই ১৯ বছরের অখ্যাত বোলার, বিস্তারিত জেনে নিন
নেটে রোহিত-ধাওয়ানকে আউট করা কে এই ১৯ বছরের অখ্য়াত বোলার, বিস্তারিত জেনে নিন
কোনও বাংলাদেশী তারকা নন, খোদ দিল্লির এক অখ্যাত তরুণের বলে আউট হলেন টিম ইন্ডিয়ার অন্তবর্তীকালীন অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা ও তাঁর সঙ্গী শিখর ধাওয়ান। তাঁর বোলিং-র প্রশংসা করেছেন খোদ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। এরপর সবার মনে প্রশ্ন একটাই যে কে এই ১৯ বছরের ভারতীয় তরুণ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রোহিত-ধাওয়ানকে আউট করা দিল্লির ওই ১৯ বছরের বোলারের নাম কেশব দাবাস। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে ভারতীয় ব্যাটসম্যানদের অনুশীলন করানোর জন্য তাঁকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের নেটে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেই রীতিমতো তাক লাগিয়ে দেন কেশব।
রোহিত শর্মাকে অফ স্ট্যাম্পের বাইরে গুড লেন্থে বল ফেলেন কেশব। খুব বেশি নাড়াচাড়া না থাকলেও বল হিটম্য়ানের ব্যাটের কাণায় লেগে স্লিপের ক্যাচিং জোনে পৌঁছে যায়। কয়েক মিনিট পরে টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ানকে বল ফেলেন কেশব। তাঁর প্রথম কয়েকটি বল বিট করে গব্বরকে। পরের বল ধাওয়ানের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে উইকেট ভেঙে দেয়।
ভারতীয় দলের এই দুই রথির উইকেট নিয়ে রীতিমতো আপ্লুত ১৯ বছরের কেশব দাবাস। আগামী দিনে ভারতীয় দলে খেলা তাঁর স্বপ্ন বলেও জানিয়েছেন ওই তরুণ। নেটে কেশবের বোলিং ভালো লেগেছে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীর। কোন ক্লাবে খেলে কেশব, তা নাকি আশেপাশের মানুষদের কাছে জানতেও চেয়েছেন শাস্ত্রী।












Click it and Unblock the Notifications