২০২২ সালের আইপিএল হবে কত দলের, জানাল দেড় কোটি টুইটার অনুগামীর বিসিসিআই
২০২২ সালের আইপিএল হবে কত দলের, জানাল দেড় কোটি টুইটার অনুগামীর বিসিসিআই
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২১ সালের থমকে যাওয়া আইপিএলের শেষাংশ। প্রতিযোগিতা চলাকালীন মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা-পর্যালোচনার মধ্যে আগামী বছরের আইপিএল নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। আমিরশাহীর স্টেডিয়ামগুলিতে আইপিএল চলাকালীন দর্শক প্রবেশ নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবনার কথা জানালেন তিনি। একই দিনে টুইটারে দেড় কোটি ফলোয়ার্স প্রাপ্তিতেও উচ্ছ্বসিত হয়েছে বিসিসিআই।

২০২২ সালের আইপিএল কত দলের
বুধবার এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল জানিয়েছেন যে চলতি বছরের আইপিএল আট দল সম্বৃদ্ধ প্রতিযোগিতার শেষ সংস্করণ। ২০২২ সালের আইপিএলে ১০টি দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ধুমল। এখনও পর্যন্ত যা খবর আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে আইপিএলের নতুন দুটি দল বিক্রির জন্য দরপত্র আহ্বান করবে বিসিসিআই। তার মধ্যে একটি দল যে আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজ হতে চলেছে, তা প্রায় নিশ্চিত বলা চলে। অন্য দল কোন শহরের নামে হবে, তা নিয়ে আলোচনা চলছে। পুনে, লখনৌ, কানপুরের মতো শহর এই প্রতিযোগিতায় রয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর। সঞ্জীব গোয়াঙ্কা, গৌতম আদানির মতো শিল্পপতিরা নতুন দুই দল কেনার জন্য কোটেশ ফেলতে পারেন বলেও খবর।

আমিরশাহীর মাঠে দর্শক
করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। অতিথি-অভ্যাগতদের ছাড়া কোনও ম্যাচেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সুষ্টু এবং নির্ঝঞ্ঝাটে ওই আইপিএল আয়োজন করে বিসিসিআই সহ বিশ্ব ক্রিকেটের মন জয় করেছিল আরব দেশ। সেই আস্থা থেকেই চলতি বছরের আইপিএলের শেষাংশ আমিরশাহীতেই সরিয়ে নিয়ে গিয়েছে বিসিসিআই। করোনা বিধ্বস্ত ভারত থেকে একই দেশে টি২০ বিশ্বকাপও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে আরও কিছুটা কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেই আবহে আইপিএল চলাকালীন স্টেডিয়ামগুলিতে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে আমিরশাহী ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার। এ ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গেও তাদের কথা চলছে বলে জানা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা অব্যাহত রেখেছেন অরুণ সিং ধুমল। তাঁর কথায়, আইপিএলের মতো টুর্নামেন্টে দর্শকরা মাঠ ভরিয়ে খেলা দেখুক, তা সব সময়ের কাম্য হওয়া উচিত। তবে ক্রিকেটার ও জনগণের সুরক্ষার বিষয়টিও যে এক্ষেত্রে বিবেচনা করা উচিত, তাও জানাতে ভোলেননি বিসিসিআই কোষাধ্যক্ষ। তাই বিষয়টি নিয়ে আমিরশাহী সরকারের ওপরই ছেড়ে দিয়েছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই আইপিএল চলাকালীন দেশের স্টেডিয়ামগুলিতে ৬০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আমিরশাহী সরকার। সে সংক্রান্ত কোনও খবর তাঁর কাছে নেই বলেই জানিয়েছেন ধুমল।
|
দেড় কোটি ফলোয়ার্স
টুইটারে বিসিসিআইয়ের অনুগামী সংখ্যা ১৫ মিলিয়ন বা দেড় কোটিতে এসে দাঁড়িয়েছে। একে বড় সফলতা হিসেবেই দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। টুইটারে এ সংক্রান্ত এক বর্ণময় পোস্ট করে ক্রিকেট প্রেমীদের ধন্যবাদও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের এই জনপ্রিয়তার জন্য সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্সকেও কৃতিত্ব দিচ্ছেন কেউ কেউ।

২০২১ সালের আইপিএল
করোনা ভাইরাসের আবহেই গত এপ্রিলে ভারতে আইপিএল শুরু করেছিল বিসিসিআই। বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসতেই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। ঠিক হয়, ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১-র শেষাংশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শেষ লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। ১৫ অক্টোবর আইপিএল ২০২১-র ফাইনাল ম্যাচ খেলা হবে।












Click it and Unblock the Notifications