করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে নিয়ম শিথিল কেন্দ্রের
করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে করা হয়েছে ৮৪ দিন। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে এই সময়সীমা শিথিল করল কেন্দ্র। জারি হয়েছে নির্দেশিকা।

নিয়ম শিথিল
শিক্ষা বা কর্মক্ষেত্রে যোগ দিতে যাঁরা বিদেশে যাবেন, এবার তাঁরা ৮৪ দিনের আগেই নিতে পারবেন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। টোকিও অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে যাঁরা যাবেন তাঁদেরও সকলকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। টোকিওগামী অ্যাথলিটরা নিতে পারবেন কোভিশিল্ড। তবে প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পরেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলে সোমবার জারি করা নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্র। কো-উইন সিস্টেমের মাধ্যমেই দ্বিতীয় ডোজের নিয়ম শিথিলের বিষয়টি সুনিশ্চিত করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

২৮ দিনের ব্যবধান
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রথম ডোজ নেওয়া অনেকেই অনুরোধ করছিলেন বিদেশে যাওয়ার আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের ব্যবস্থা করতে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফেও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছিল টোকিও অলিম্পিক্সের আগে অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফদের দ্বিতীয় ডোজের ব্যবস্থা করার। এমপাওয়ারড গ্রুপের বৈঠকের পরেই বিশেষ ক্ষেত্রে এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের মধ্যে ২৮ দিবের ব্যবধান হচ্ছে কিনা তা দেখতে প্রতিটি রাজ্যকে বলা হয়েছে প্রতিটি জেলায় প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা রাখতে।

প্রমাণ লাগবে
বিদেশে কোনও প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রী সেখানে পড়তে যাচ্ছেন কিনা কিংবা চাকরির ইন্টারভিউ দেওয়ার প্রমাণপত্র বা কর্মক্ষেত্রে যোগদানের অফার লেটার রয়েছে কিনা সেগুলিও দেখাতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময়। এমনকী যাঁরা অলিম্পিক্সে অংশ নেবেন তাঁদেরও যথোপযুক্ত নথি দেখাতে হবে। দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পাসপোর্টও দেখাতে পারবেন এই বিশেষ ক্ষেত্রে যাঁরা ভ্যাকসিন নিতে ইচ্ছুক। সেক্ষেত্রে ভ্যাকসিনেশন সার্টিফিকেটে থাকবে পাসপোর্ট নম্বর।

খুশির খবর
এরই মধ্যে খুশির খবর। আরও একজন ভারতীয় পেয়ে গেলেন অলিম্পিক্সের ছাড়পত্র। জুডোকা সুশীলা দেবী কার্যত পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক্সে। বুদাপেস্টে বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডে হেরে গেলেও ৯৮৯ পয়েন্ট সংগ্রহ করে এশীয় তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। এশিয়া থেকে দশজনের অংশগ্রহণের সুযোগ রয়েছে। ফলে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে সুশীল টোকিওর টিকিট। কেন না, এই প্রতিযোগিতার পর আর কোনও অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের ইভেন্ট নেই। সুশীলাকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
ছবি- সাই মিডিয়া
I congratulate Judoka #SushilaDevi for qualifying for #Tokyo2020 in the women’s 48 kg through the continental quota. Our athletes are putting their best efforts to ensure glory for India. pic.twitter.com/gv7pVCDTiD
— Kiren Rijiju (@KirenRijiju) June 7, 2021












Click it and Unblock the Notifications