ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টারে ছয়লাপ ঝাড়গ্রাম
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টারে ছয়লাপ ঝাড়গ্রামে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যে। প্রথম দফাতেই ভোট আছে জঙ্গল মহলের বেশকিছু আসনে। তার আগে পুরুলিয়া ও ঝাড়গ্রামে পড়ল মাওবাদী পোস্টার। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা থেকে আড়াই কিলোমিটার দূরে কুচলাপাহাড়ি এবং খড়পাল গ্রামের একটি রাস্তায় একাধিক পোস্টের পড়ে থাকতে দেখা যায়।
এছাড়াও জেলার বিনপুর থানার মালাবতী, পলাশবনী, চিয়ানবেড়া-সহ বিভিন্ন গ্রামের রাস্তায়, বাড়ির দেওয়ালে এবং গাছে এবং বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা গিয়েছে। সেই সব পোস্টারে ভোট বয়কটের পাশাপাশি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধেও লেখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পোস্টার গুলিতে লেখা ছিল 'টিএমসি দূর হাটাও, বিজেপি হাত গোটাও। জঙ্গল মহলে ভোট বয়কট করুন'। এর আগেও এই দাবীতে পোস্টার পড়েছিল পুরুলিয়া জেলাতেও। এবার সেই পোস্টার দেখা গেল ঝাড়গ্রামে। পুলিশ গিয়ে ইতিমধ্যেই পোস্টারগুলি উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই বিনপুর থানার এড়গোদাতে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ ৬ জন বিজেপি নেতার মাথা চেয়ে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন উদ্ধার হয়েছিল। মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস মুখ খুলতে নারাজ।
তবে পোস্টার কারা লাগিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় গত ২১ ফেব্রুয়ারি থেকে প্রায়শই মাওবাদী নামাঙ্কিত পোস্টারের দেখা মেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications