পৌরাণিক যুগ থেকে অক্ষয় তৃতীয়ায় ঘটেছে বহু চমকপ্রদ ঘটনা, জেনে নিন একনজরে
অক্ষয় তৃতীয়া একটি পূণ্যতিথি। হিন্দু ধর্মে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। চান্দ্র বৈশাখ মাসের শুক্রপক্ষের এই তিথি সেই নিরিখে তাৎপর্যপূর্ণও বটে। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস, এই তিথিতে যা কিছু হয়, তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।
সেই আঙ্গিকে এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ঘটনা। একবার সেদিকে নজর করলেই জানা যাবে পৌরাণিক যুগ থেকে কী কী ঘটেছিল অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে, তা আজও অমর অক্ষরে অক্ষয় হয়ে রয়েছে আমাদের সমাজ জীবনে।

একনজরে বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে ঘটা তাৎপর্যপূর্ণ ঘটনা
• বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে মর্ত্যে আবির্ভুত হয়েছিলেন ভগবান পরশুরাম। অর্থাৎ পরশুরাম জন্ম নিয়েছিলেন এই দিনে।
• এদিন থেকেই ত্রেতা যুগের সূচনা বলে ধরা হয়। সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া থেকে।
• রাজা ভগীরথ এই বিশেষ তিথিতে গঙ্গাদেবীকে মর্ত্যে এনেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস।
• আর আমাদের দুই মহাকাব্যের অন্যতম মহাভারত রচনা শুরু হয়েছিল এই পুণ্য তিথি থেকে। সিদ্ধাদাতা গণেশ লিপিবদ্ধ করেছিলেন মহাঋষি বেদব্যাসের মুখনিঃসৃত বাণী।
• হিন্দু ধর্মের বিশ্বাস এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। শস্যশ্যামলা বসুন্ধরা হয়ে ওঠে পৃথিবী।
• এই পূণ্যতিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন।
• এদিন কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পূজো করা হয়।
• আবার এই পূণ্যদিনেই ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বরকায় গিয়েছিলেন। তার থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেছিলেন।

• আবার এদিন থেকেই শুরু হয় পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ।
• কেদার, বদ্রী, গঙ্গোত্রী-যমুনোত্রীর যে মন্দির ছ-মাস বন্ধ থাকে তার দ্বারোদ্ঘাটন হয় এই পূণ্যতিথিতেই। দ্বার খুললেই দেখা যায় অক্ষয়দ্বীপ প্রজ্জ্বলিত রয়েছে।
• আর ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় এই তিথি থেকে।

এভাবেই অক্ষয় তৃতীয়ার পূণ্যতিথিতে ঘটে যাওয়া ঘটনাগুলি চিরশাশ্বত রয়েছে। তা আজও অমলিন। সেই বিশ্বাস হিন্দু ধর্মের মানুষের মনে গাঁথা রয়েছে। আর সেই বিশ্বাস মেনে এদিন প্রতি গৃহে পূজা-পার্বণ হয়ে থাকে।
একইভাবে তা যুগ যুগ ধরে তলে আসছে। অক্ষয় প্রাপ্তির জন্য ধর্মীয় বিশ্বাস মেনে বিষ্ণু, লক্ষ্মী, গণেশ, মহাদেব, অন্নপূর্ণা-সহ একাধিক দেব-দেবীর পুজো হয় এদিন।












Click it and Unblock the Notifications