চ্যালেঞ্জ নিচ্ছেন মুকুল! তৃণমূল ভাঙতে মমতার সফরের পরই হানা দেবেন জঙ্গলমহলে
মুকুলের স্ট্র্যাটেজিতেই তৃণমূল কংগ্রেস রাজ্য-রাজনীতিতে শক্তি বাড়িয়েছে। জেলায় জেলায় বিরোধীদের ভাঙিয়ে তৃণমূলে আনার নেপথ্য নায়ক ছিলেন তিনিই। এবার সেই অস্ত্রই শান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে ভাঙতে।
মমতার পাল্টা জঙ্গলমহল সফরে চলেছেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরই জঙ্গলমহলে হানা দেবেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। দল গড়তে ও ভাঙতে যার জুড়ি মেলা ভার, সেই অভিজ্ঞ রাজনীতিক প্রথম টার্গেট করছেন জঙ্গলমহলকেই। এবার তৃণমূল ভাঙতে তিনি যে আদা-জল খেয়েই নামবেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে মুকুল রায়ের এই পুরুলিয়া সফরের বার্তাতেই।

মুকুলের স্ট্র্যাটেজিতেই তৃণমূল কংগ্রেস রাজ্য-রাজনীতিতে শক্তি বাড়িয়েছে। নিজেদেরকে নিরাপদ অবস্থানে নিয়ে গিয়েছে। জেলায় জেলায় বিরোধীদের ভাঙিয়ে তৃণমূলে আনার নেপথ্য নায়ক ছিলেন তিনিই। তাঁর এই কৌশলে ভর করে জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা, এমনকী মুর্শিদাবাদের অধীর দুর্গও আজ তৃণমূলের দখলে এসেছে।
এবার সেই পন্থাই মুকুল রায় নিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে ভাঙতে। তিনি বিজেপিতে যান বা কংগ্রেসে, কিংবা নতুন দল গড়ুন না কেন, সেখানেই তৃণমূল কংগ্রেস ভেঙেই শক্তিবৃদ্ধি ঘটনাবেন তিনি। আর এই কাজে তাঁর প্রথম লক্ষ্য জঙ্গলমহল। তিনি পুজোর পরই পুরুলিয়ার ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফর শেষ করে ফিরে যাওয়ার পরই মুকুল রায়ের আগমন ঘটবে পুরুলিয়া জেলায়।

নতুন যে কোনও পরিকল্পনা গ্রহণের আগে তিনি ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে যান। এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরেই। এবার তাঁর অন্যথা হচ্ছে না। মুকুল রায়ের এবারের সফরে কারা তাঁর সঙ্গী হন, তা নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারও মুকুলের এই সফরে সঙ্গী হবেন তাঁর অনুগামীরা।
তাই তৃণমূলের শীর্ষসারির নেতৃত্বের কপালে এখন থেকেই চিন্তার ভাঁজ। এই অবস্থায় তৃণমূলের ভরসা একমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফরের পর পরিস্থিতি বদলে যাবে। কেউই মুকুল রায়ের সঙ্গে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়র ডাক কেউ উপেক্ষা করতে পারবেন না। কেননা তৃণমূলে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ই, সবাই তাঁকে দেখেই তৃণমূল করেন।












Click it and Unblock the Notifications