ম্যাকবেথের চরিত্রে অভিনয় ১৪ জনের, বাংলায় দেখা গেল অভিনব নাট্যচর্চা
'তুমি রাজা হবে ম্যাকবেথ!' তিন ডাইনি মিলে উস্কে তুলছে এক সেনাপতিকে। প্রলোভনে রাঙা স্ত্রী! আর অন্যের চাওয়া না চাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটে চলেছে একের পর এক ঘটনা৷ - যাঁরা সাহিত্য ভালোবাসেন তাঁরা প্রত্যেকেই ম্যাকবেথ পড়েছেন বইয়ের পাতায়। তবে এবার চোখের সামনেই সেই দৃশ্যকে উপস্থাপন করল একদল ছাত্রছাত্রী।

গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের পক্ষ থেকে কলেজের হরিপদ মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই উলুবেড়িয়া কলেজের ইংরেজি বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা মঞ্চস্থ করলেন প্রবাদপ্রতিম ইংরেজি সাহিত্যব্যক্তিত্ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কালজয়ী নাটক 'ম্যাকবেথ'।
মোট ২৫ জন ছাত্রছাত্রী এই নাটকে অংশ নেন। ম্যাকবেথের চরিত্রে অভিনয় করেন মুন হালদার। লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করেন ১৪ জন। উলুবেড়িয়া কলেজের ইংরেজির বিভাগীয় প্রদান সন্দীপ কুমার দোলুই বলেন, গ্রাম বাংলায় নাট্যচর্চা হয়। কিন্তু ইংরেজি নাটকের চর্চা বিরল বলা যায়। স্নাতক স্তরে ইংরেজি বিভাগের পড়ুয়ারা বিভিন্ন নাটক পড়ে।
কিন্তু সেই নাটকগুলোকে যদি মঞ্চস্থ করা যায় তাহলে সেগুলো আরও বেশি আকর্ষণীয় ও সহজবোধ্য হবে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি জানান, বেশ কিছুদিন ছাত্রছাত্রীরা ক্লাসের শেষে রিহার্সাল করে নাটকটি ভীষণ সুন্দরভাবে মঞ্চস্থ করেছে। নাটকের পাশাপাশি ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ইংরেজি বিভাগের দেওয়াল পত্রিকারও সূচনা ঘটে। এদিন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকদের সংবর্ধনা জ্ঞাপন করে পড়ুয়ারা।
পাশাপাশি, কোভিডকালে অসামান্য সামাজিক কর্মকান্ডের জন্য ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র পৃথ্বীশরাজ কুন্তীকে সংবর্ধনা দেওয়া হয়। ইংরেজি বিভাগের কৃতি পড়ুয়াদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল, অধ্যাপক রাকেশ ঘোষ, ইংরেজির বিভাগীয় প্রধান সন্দীপ কুমার দোলুই সহ অন্যান্যরা।
ম্যাকবেথ উইলিয়াম শেকসপিয়র কর্তৃক রচিত একটি ট্র্যাজেডি। অনুমিত হয়, ১৬০৬ সালে এই নাটকটি প্রথম মঞ্চায়িত হয়েছিল। যাঁরা নিজেদের স্বার্থে ক্ষমতা কেড়ে নিতে চান, তাদের উপর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বাস্তব ও মানসিক প্রভাব এই নাটকে দৃশ্যায়িত হয়েছে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ছিলেন শেকসপিয়রের নাট্য কোম্পানির পৃষ্ঠপোষক। তাঁর রাজত্বকালে শেকসপিয়র যে নাটকগুলি রচনা করেছিলেন, সেগুলির মধ্যে ম্যাকবেথ নাটকটিতেই নাট্যকারের সঙ্গে তার পৃষ্ঠপোষকের সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬২৩ সালের ফোলিও সংস্করণে। সম্ভবত একটি প্রম্পট বই থেকে এই সংস্করণের পাঠটি গৃহীত হয়েছিল। ম্যাকবেথ নাটকটিই শেকসপিয়রের সংক্ষিপ্ততম ট্র্যাজেডি।












Click it and Unblock the Notifications