ধারাবাহিকের এই পরিচিত মুখেরা তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন পার্শ্বচরিত্রে অভিনয় করে
জি বাংলা হোক বা স্টার জলসা, এই দুই চ্যানেলের বাংলা ধারাবাহিকের মুখ্য চরিত্ররা এখন ঘরে ঘরে পরিচিত। যেন বাড়িরই মেয়ে হয়ে উঠেছেন মিঠাই, রঞ্জা, ফড়িং এঁরা। এঁদের সঙ্গে দর্শকরা নিজেদের জীবন আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছেন। তবে জানেন কি আজ যাঁরা নায়িকার চরিত্রে প্রশংসা পাচ্ছেন, ইন্ডাস্ট্রিতে তাঁদের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়নি। তাঁরা এসেছিলেন পার্শ্বচরিত্রে অভিনয় করতে। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকায় রয়েছেন কারা।

সৌমিতৃষা
জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের মিঠাই রানীকে চেনেন না এমন ব্যক্তি মনে হয় খুব কম রয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে সৌমিতৃষা অর্থাৎ মিঠাই দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুটা হয়েছিল খলনায়িকা চরিত্রে। ধারাবাহিকের নাম ছিল 'এ আমার গুরুদক্ষিণা'। মিষ্টি এই অভিনেত্রী তখন নানান ষড়যন্ত্র করতেন। এরপর বেশ কিছু ধারাবাহিকের পর কালার্স বাংলার 'কনে বউ'তে প্রথমবার নায়িকার ভূমিকা পান তিনি। তারপর তার হাতে আসে মিঠাই হয়ে ওঠার সুযোগ।

সোমু সরকার
কৌশিক সেনের বিপরীতে বর্তমানে অভিনয় করছেন সোমু সরকার, ধারাবাহিকের নাম 'গোধূলি আলাপ'। দর্শকদের প্রশংসাও কোড়াচ্ছেন সোমু। কিন্তু জানেন কী আকাশ আট চ্যানেলের 'ইকির মিকির' ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন পার্শ্ব চরিত্রে। তবে কম সময়ে সোমু জনপ্রিয়তা অর্জন করেছেন।

শ্যামৌপ্তি মুদলি
বর্তমানে তাঁকে 'গুড্ডি' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। এর আগে 'ধ্রুবতারা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে তারও আগে ২০১৭ সালে 'চোখের বালি' ধারাবাহিকে প্রথমবার পার্শ্বচরিত্রে তাঁর অভিষেক হয়। এরপর তিনি 'পটলকুমার গানওয়ালা', 'দাসী', 'করুনাময়ী রানী রাসমণি', 'বাজলো তোমার আলোর বেণু'তেও অভিনয় করেছেন তিনি। 'বাজলো তোমার আলোর বেণু'তেই প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান।

স্বস্তিকা ঘোষ
স্টার জলসাতে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে খুব কম সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দীপা তথা স্বস্তিকা ঘোষ। স্বস্তিকার এটাই প্রথম নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ। এর আগে তিনি 'সরস্বতীর প্রেম' ধারাবাহিকে নায়কের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

খেয়ালী মণ্ডল
ছোট পর্দার চেনা মুখ খেয়ালী। অভিনয় জগতে তাঁর অভিষেক হয়েছিল কালার্স বাংলার 'মউয়ের বাড়ি' ধারাবাহিকে অভিনয় করে। এরপর সরাসরিই তিনি স্টার জলসাতে 'আলতা ফড়িং' ধারাবাহিকের সুযোগ পেয়ে যান।

ইধিকা পাল
নামের পাশাপাশি তাঁর সৌন্দর্য অন্যদের থেকে আলাদা। টেলি তারকার অভিনয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ। 'পিলু' ধারাবাহিকের পার্শ্বচরিত্র হয়েও তিনি যেন হয়ে উঠেছেন মুখ্য। অভিনয় জগতে তার অভিষেক হয়েছিল 'কপালকুণ্ডলা' ধারাবাহিকের পদ্মাবতী চরিত্রে অভিনয় করে। এবার 'রিমলি' ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্র পান। পার্শ্ব চরিত্রে থাকলেও বারবার নজর কেড়েছেন ইধিকা।












Click it and Unblock the Notifications