জুবিন গর্গের মৃত্যু! তুতো ভাই সন্দীপনকে গ্রেফতার করল পুলিশ
গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অসম পুলিশের অফিসার সন্দীপন গর্গকে গ্রেফতার করা হয়েছে। এই সন্দীপন গর্গ জুবিনের তুতো ভাই। গত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর এই তদন্তে নতুন মোড় এসেছে।
জানা গিয়েছে, সিঙ্গাপুরের ইয়টে জুবিন গর্গের সঙ্গে সন্দীপনও উপস্থিত ছিলেন। সেখানেই শিল্পীর মৃত্যু হয়। সিআইডি একাধিকবার জিজ্ঞাসাবাদের পর সন্দীপনকে হেফাজতে নিয়েছে। এর আগে প্রয়াত শিল্পীর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর সঙ্গে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জুবিন বলিউড ও অসমীয়া গানের জন্য সুপরিচিত ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় তাঁর রহস্যজনক মৃত্যু হয়। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করতে সিঙ্গাপুরে গিয়ে তিনি ইয়ট ভ্রমণে বেরিয়েছিলেন।
সন্দীপন গর্গের গ্রেফতারের আগে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছেন শিল্পীর ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত।
শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন, সিঙ্গাপুরে যে অনুষ্ঠানে জুবিনের পারফর্ম করার কথা ছিল, সেখানে শিল্পীর ম্যানেজার ও আয়োজক তাঁকে বিষ প্রয়োগ করেন। তিনি আরও অভিযোগ করেন যে, অভিযুক্তরা এই কাজ ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবে বিদেশকে বেছে নিয়েছিল।
'ইয়া আলি’ খ্যাত জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গও শিল্পীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সিঙ্গাপুর পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে কোনও খারাপ উদ্দেশ্য না থাকার কথা বলা হলেও, গরিমা রিপোর্টে ত্রুটির কথা উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications