Zakir Hussain: বেঁচে আছেন জাকির হুসেন! দাবি তবলাবাদকের আত্মীয়ের, গুজব না ছড়াতে আর্জি
Zakir Hussain: কিংবদন্তী তবলাবাদক (Tabla Legend) জাকির হুসেনের প্রয়াণের খবরে রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় হইচই। যদিও সেই খবর মিথ্যে (Death Rumor) বলে দাবি করলেন জাকির হুসেনের ভাইপো আমির আউলিয়া (Ameer Aulia)। আনভেরিফায়েড এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, সংকটজনক রয়েছেন জাকির হুসেন। গুজব রটানো থেকে বিরত থাকতে অনুরোধ তাঁর।
যদিও হাসপাতাল কিংবা সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসের তরফে নিশ্চিত করে কোনও খবর জানানো হয়নি। আনভেরিফায়েড এক্স হ্যান্ডেল পোস্ট থেকে দাবি করা হয়, "কাকা জাকির হুসেন জীবিত রয়েছেন। মিথ্য খবর না ছড়ানোর জন্যে অনুরোধ করব। উনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ওঁনার দ্রুত আরোগ্য কামনায় বিশ্বব্যাপী অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ জানাচ্ছি।"

জাকির হুসেনের মৃত্যুসংবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফেও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। পরে তা অবশ্য মুছে দেওয়া হয়। অন্যদিকে জাকির হুসেনের বোন খুরশিদ আউলিয়া (Khurshid Aulia) জানিয়েছেন, এখনও বেঁচে রয়েছেন জাকির হুসেন। পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন বলেও জানান। সংকটজনক হলেও শ্বাসপ্রশ্বাস সচল রয়েছে কিংবদন্তী তবলাবাদকের।
গত ১৫ ডিসেম্বর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তী তবলাবাদক জাকির হুসেনকে। স্বাস্থ্যে গুরুতর জটিলতা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জাকির হুসেনের ম্যানেজার নির্মলা বাচানি বলেন, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির হুসেন। এই পরিস্থিতিতে সকলের প্রার্থনা কামনা করেছেন তিনি।
এদিকে জাকির হুসেনকে শ্রদ্ধার্ঘ জানিয়ে পোস্ট করে বসেন একাধিক নেতামন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পোস্ট করেন। জাকির হুসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়াও সংবাদসংস্থা পিটিআইকে জানান, "আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাকির হুসেন। পরিস্থিতি নিয়ে আমরা সকলে উদ্বিগ্ন রয়েছি।"












Click it and Unblock the Notifications