Pushpa 2: আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে চেয়ে হায়দরাবাদে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা, হত ১
পুষ্পা জ্বরে কাবু গোটা দেশ। মুক্তির অপেক্ষায় অনেক দিন ধরেই দিন গুনছে ফ্যানেরা। কবে দেখা যাবে শ্রীবল্লি কে? কবেই বা জানা যাবে পুষ্পা ২-এর সম্পূর্ণ গল্প? আর না জানি কত ভাবনা ছিল আল্লু অর্জুন-এর ফ্যানেদের মনে। আর তাই ছবি মুক্তি পেতেই হুড়োহুড়ি পড়ে গেল ফ্যানেদের মধ্যে। ফলে তাতেই ঘটলো দুর্ভাগ্যজনক ঘটনা।
আল্লু অর্জুন-অভিনীত পুষ্প ২: দ্য রুল-এর প্রিমিয়ার চলাকালীন আরটিসি রোডে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় বুধবার রাতে। আল্লু অর্জুনের ছবির মধ্যরাতের প্রিমিয়ারের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লু অর্জুনকে এক ঝলক কাছ থেকে দেখার জন্যে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং কমপক্ষে দুইজন আহত হন।

যা জানা যাচ্ছে, স্ক্রিনিংয়ের আগে যখন বিশাল জনতা থিয়েটারের গেটের দিকে এগিয়ে যায়, তখন পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আল্লু অর্জুনের এক ঝলক দেখা পেতে আগ্রহী ভক্তরা অভিনেতা আসার সাথে সাথে এন্ট্রি গেটের দিকে ছুটে যান। মুহুর্তে এমনই পরিস্থিতি তৈরি হয়ে যায়, যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়।
পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালীনই ঘটে এই ঘটনা। চরম বিশৃঙ্খলায় প্রাণ হারানো মহিলার নাম রেবতী, সে দিলসুখনগরের বাসিন্দা। তিনি তার স্বামী ভাস্কর এবং তাদের দুই সন্তান তেজ (৯) এবং সানভিকা (৭) এর সাথে পুষ্পা ২ এর প্রিমিয়ার দেখতে এসেছিলেন। আর জনতার হুড়োহুড়ির মুখে পড়ে তারা। এতো ভিড়ের মধ্যে পড়ে রেবতী এবং তার ছেলে তেজ অজ্ঞান হয়ে পড়েন। তারপরে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে তাঁদেরকে চিকিত্সার জন্য দুর্গা বাই দেশমুখ হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। হাসপাতাল থেকেই রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে, গুরুতর আহত তেজকে উন্নত চিকিৎসার জন্য বেগমপেটের KIMS হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তবে এই ঘটনায় পুষ্পা ২-এর গোটা টিম থেকে ক্ষমা চাওয়া হয়েছে। একই সাথে দুঃখ প্রকাশও করেছেন কলাকুশলীরা। ইতিমধ্যেই, পুষ্পা ২: দ্য রুল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ছবিটি ভারতে ২১ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই অগ্রিম বুকিংয়ে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে পুষ্পা।












Click it and Unblock the Notifications