এখনও বেঁচে রয়েছেন বাবা, বিক্রম গোখলের ভুয়ো মৃত্যুর খবরে সরব অভিনেতার মেয়ে
বর্ষীয়ান অভিনেতা তথা মারাঠি তারকা বিক্রম গোখলে এখনও বেঁচে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বুধবার রাতে আচমকাই খবর পাওয়া যায় যে প্রয়াত হয়েছেন বিক্রম গোখলে। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানানোর আড়ম্বর শুরু হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে জানা যায়, বিক্রমের মৃত্যুর খবর ভুয়ো। তিনি বেঁচে রয়েছেন। তবে লাইফ সাপোর্টে রয়েছেন।

'হাম দিল দে চুকে সনম' খ্যাত অভিনেতা বিক্রম গোখলে এখন অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছে। তাঁকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছে। হাসপাতালের পক্ষ থেকেও বলা হয়েছে যে অভিনেতা ভেন্টিলেশনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে।
বুধবার বিক্রম গোখলের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। বিক্রম কন্যা স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁর বাবা জীবিত রয়েছেন এবং লাইফ সাপোর্টে রাখা রয়েছে। অভিনেতার স্ত্রীও জানান যে তাঁর স্বামীকে বাঁচিয়ে তোলার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। বার্ধক্যজনিত কারণেই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রসঙ্গত, বুধবার রাতের দিকে তাঁর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন জগতের অনেকেই। এমনকি টুইটারে শোকবার্তা জানিয়ে দিয়েছিলেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আলি গোনি, জাভেদ জাফরির মতো তারকারাও।
প্রায় ২৩ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন বিক্রম গোখলে। একাধিক হিন্দি ও মারাঠি ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া তাঁকে 'হাম দিল দে চুকে সনম' ছাড়াও 'ভুলভুলাইয়া', 'দে দনা দন', 'হিচকি'র মতো ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications