করোনা ভাইরাসের থাবা টলিউডে, কোভিড–১৯ পজিটিভ ঋতুপর্ণা সেনগুপ্ত
বলিউডের মতো টলিউডেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা–অভিনেত্রী, পরিচালক। ওমিক্রন জ্বরে কাবু গোটা টলিপাড়া। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তিনি একা নন, গোটা পরিবারকে নিয়েই তিনি এই কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা
জানা গিয়েছে, দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর 'অচেনা উত্তম' ছবির শুট করতে গিয়েছিলেন অভিনেত্রী। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ। এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা বলেছেন, 'দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমার শাশুড়ির ভাগ্যিস হয়নি। ওকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করেছি।'

বিবাহ বার্ষিকী উদযাপন
প্রসঙ্গত কিছুদিন আগেই ঋতুপর্ণা ও তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তীর বিয়ের ২২ বছর পূর্ণ হল। বিবাহ বার্ষিকীর দিন ঋতুপর্ণা তাঁর স্বামীর সঙ্গে সময় কাটিয়েছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। সেখানে লেখেন, 'আরও একটা বিবাহবার্ষিকী পার করলাম, শান্ত এবং অন্তরঙ্গ। ধন্যবাদ ভগবানকে তাঁর আর্শীবাদের জন্য, সকলকে জানাই ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসার জন্য'। সংসার, স্বামী ও সন্তানের পাশপাশি ঋতুপর্ণা সমান দক্ষতার সঙ্গে নিজের ফিল্মি কেরিয়ারও সামলাচ্ছেন। টলিউডে তাঁর অভিনীত হিট ছবির সংখ্যা অসংখ্য। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর শুভাকাঙ্খীরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত একাধিক তারকা
তবে টলিউডে করোনা আক্রান্তের তালিকা ক্রমশঃ দীর্ঘ হচ্ছে। রাজ ও শুভশ্রী চক্রবর্তী, মিমি চক্রবর্তী, পরমব্রত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেব-রুক্মিণী, শ্রীলেখা মিত্র। এঁরা সকলেই করোনায় আক্রান্ত। এঁদের মধ্যে রাজ ও শুভশ্রী দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন। রুক্মিণীও দ্বিতীয়বারের জন্য কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই টলি তারকারা সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। অন্যদিকে শুক্রবার রাতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি লেখেন, 'এই পরিস্থিতিতে আমার পরিচিতদের মধ্যে অনেকেই গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত, তাই আমি করোনার টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে, খুব মৃদু উপসর্গ রয়েছে। তাই গত কয়েকদিন ধরে যাঁরা আমার সংম্পর্শে ছিলেন তাঁদের কাছে করোনার টেস্ট করানোর অনুরোধ করছি। সাবধানে থাকুন'।

সোহম চক্রবর্তী ও বনি কোভিড পজিটিভ
বৃহস্পতিবারই অভিনেতা সোহম চক্রবর্তী জানিয়েছিলেন করোনায় আক্রান্ত তিনি। সোহমের এই খবর শোনানোর কয়েক ঘণ্টার মধ্যেই খবর মেলে বনি সেনগুপ্তও করোনা পজিটিভ। বনি একা নন, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বনির মা, অভিনেত্রী তথা ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তরও।












Click it and Unblock the Notifications