আলাপ পর্ব শেষ! প্রকাশ্যে এল ‘টেক্কা’র অফিসিয়াল পোস্টার
আলাপ পর্ব শেষ। এবার প্রকাশ্যে এল 'টেক্কা'র অফিসিয়াল পোস্টার। দেব, রুক্মিণী, স্বস্তিকা, তিনজনের লুকই দেখা গেল এই পোস্টারে। সঙ্গে দেখা গেল একটি বাচ্চা মেয়েকে। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে 'টেক্কা'র দেবের লুক। যেখানে দেবকে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু এবার নতুন অফিসিয়াল পোস্টারে দেবকে দেখা গেল একেবারে অন্যভাবে। নতুন পোস্টারটিতে দেখা যাচ্ছে দেব একটি বাচ্চা মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে আছে। দেবের পিছনে একদিকে বন্দুক হাতে রয়েছেন রুক্মিণী। অন্যদিকে রয়েছেন স্বস্তিকা। 'টেক্কা'র এই নতুন পোস্টার কৌতূহল বাড়িয়েছে দর্শকের মনে।
এর আগে একে একে রুক্মিণী, স্বস্তিকা এবং নিজের লুক প্রকাশ্যে এনেছেন দেব। আলাপ করিয়ে দিয়েছেন 'টেক্কা'র চরিত্রগুলির সঙ্গে। এবার অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এনে দর্শককে তাক লাগালেন দেব। এই পোস্টারে নতুন সংযোজন একটি বাচ্চা মেয়ে। কে এই মেয়ে? ছবিতে কী তাঁর ভূমিকা? তা নিয়ে আগ্রহ তুঙ্গে দর্শকবৃন্দের।

ছবি সৌজন্যে: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স
সম্প্রতি প্রকাশ্যে আসা 'টেক্কা'র পোস্টারগুলির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল রুক্মিণী মৈত্রের লুক। বব কাট চুল, হাতে বন্দুক, চোখে সানগ্লাস। তাঁর চরিত্রের নাম মায়া। এই পোস্টারের ক্যাপশন থেকে জানা যায়, বন্দুক হাতে নাকি পথ ঘাট শাসন করে বেড়ায় মায়া।
এরপর প্রকাশ্যে আসে স্বস্তিকা মুখোপাধ্যায়ের লুক। সেখানে টেডি বিয়ার হাতে চুড়িদার পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্বস্তিকাকে। 'টেক্কা'য় সাংবাদিক ইরা'র চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। এরপরই নিজের লুক প্রকাশ্যে আনেন দেব। যেখানে ঝাড়ু হাতে দেখা যায় তাঁকে। দেখা যায়, চোখে মুখে একরাশ কষ্টের ছাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেব। 'টেক্কা'য় দেবের চরিত্রের নাম ইকলাখ।
এবার আলাপ পর্বের শেষে নতুন অফিসিয়াল পোস্টার প্রকাল্যে এনে তার ক্যাপশনে দেব লেখেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক....এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে।' দেব আরও লেখেন, 'টেক্কা দিতে টেবিলে হাজির সব কার্ড, এবার শুরু হবে আসল খেলা'।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও অনেককে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের প্রযোজনায় আগামী ৮ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে 'টেক্কা'। সবমিলিয়ে এবারের পুজোয় জমজমাট বিনোদন দুনিয়া। এখন শুধু 'টেক্কা' মুক্তির অপেক্ষায় দর্শকবৃন্দ।












Click it and Unblock the Notifications