চুড়িদার পরে টেডি বিয়ার হাতে দাঁড়িয়ে ‘ইরা’ স্বস্তিকা! প্রকাশ্যে ‘টেক্কা’র রানির লুক
প্রকাশ্যে এল 'টেক্কা'র আরও একটি নতুন পোস্টার। এরই সঙ্গে দর্শকের সামনে এল 'টেক্কা'য় স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন লুক। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'টেক্কা'। এবার একে একে প্রকাশ্যে আসছে সেই ছবিরই পোস্টার। গত ১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'মায়া' রূপে রুক্মিণী মৈত্রের লুক। যা দর্শকের কাছে খুবই প্রশংসা পেয়েছে। বব কাট চুল। হাতে বন্দুক। চোখে সানগ্লাস। রুক্মিণীর নতুন রূপ দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এবার প্রকাশ পেল স্বস্তিকার লুক। ধীরে ধীরে দর্শকের সঙ্গে 'টেক্কা'র চরিত্রগুলিকে আলাপ করিয়ে দিচ্ছেন দেব।
শনিবার সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে দেখা যাচ্ছে চুড়িদার পরে দাঁড়িয়ে রয়েছেন স্বস্তিকা। তাঁর চুল ছোট করে কাটা। চোখে মোটা করে কাজল। হাতে টেডি বিয়ার। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম হবে ইরা।

ছবি সৌজন্যে: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স
এর আগে 'মায়া'র লুক প্রকাশ্যে আনার সময়ও ক্যাপশনে রুক্মিণীর নতুন চরিত্রকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন দেব। এবারেও তার অন্যথা হল না। 'মায়া'র পোস্টারের মতো 'ইরা'র পোস্টার প্রকাশ্যে এনে সেই ছবির ক্যাপশনে দেব লেখেন, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক. এবার দেখা হচ্ছে বোর্ডরুমের রানি খেলা শুরু করলে সব বাজি বন্ধ হয়ে যায়! পরিচয় করা যাক ইরার সঙ্গে!'
জানা যায়, এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন দেব, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের প্রযোজনায় আগামী ৮ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
বর্তমানে আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। এ রাজ্যের নানা প্রান্তে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল হচ্ছে। কলকাতায় লাগাতার প্রতিবাদে নামছেন শিল্পীরা। অভয়া কাণ্ডের ন্যায়বিচার চেয়ে যাঁরা পথে নেমেছেন তাঁদের অন্যতম হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। রাত দখল কর্মসূচিতে সাধারণের সঙ্গে সারা রাত রাস্তায় বসেছিলেন তিনি। যতদিন না তিলোত্তমা সঠিক বিচার পাচ্ছেন ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই আবহেই মুক্তি পেল 'টেক্কা'য় তাঁর নতুন লুক। ফলে 'টেক্কা'য় স্বস্তিকার এই নতুন লুক যে সহজেই দর্শকের নজর কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications