‘পারিয়া’ আসছে ওটিটিতে! ‘হইচই’ পড়েছে দর্শক মহলে
চলতি বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পারিয়া'। গত ১৭ মে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিনই 'পারিয়া ২'-এর ঘোষণাও করে দিয়েছেন পরিচালক। মূলত পথ কুকুরদের গল্প নিয়ে তৈরি এই ছবি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। মুক্তির পরই দর্শক মহলে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। বাংলায় আগে এমন ছবি কমই পেয়েছেন দর্শক।
পরিচালক হিসাবে ক্রিটিক থেকে আমজনতা, সকলের প্রশংসা পেয়েছেন 'পারিয়া'র নির্মাতা তথাগত মুখোপাধ্যায়। পাশাপাশি প্রশংসিত হয়েছিলেন এই ছবি অভিনেতারাও। ছবির শেষ অংশটি দেখেই 'পারিয়া'-র দ্বিতীয় ভাগটি দেখার উৎসাহ বেড়ে যায় দর্শকের মনে। এবার সেই ছবিরই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

আগামী ১২ জুলাই ওটিটিতে মুক্তি পাবে 'পারিয়া'। যাঁরা এখনও ছবিটি দেখেননি এটা তাঁদের জন্য যে বড় সুযোগ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। পারিয়া ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তির পরই বিক্রমের চরিত্র দর্শকের মন জয় করে নেয়। বলা যায়, এই ছবির মাধ্যমেই বাংলা পেয়েছে নতুন কমার্শিয়াল ছবির নায়ককে।

বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অঙ্গনা রায়, অম্বরীশ ভট্টাচার্য সহ আরও অনেকে। আগামী ১২ জুলাই থেকে হইচই-এ দেখা যাবে 'পারিয়া'।












Click it and Unblock the Notifications