ব্যাকফুটে গাঙ্গুবাঈ, বচ্চন পাণ্ডে, আরআরআর-কে টক্কর দিয়ে ব্লকবাস্টার খেতাব 'দ্য কাশ্মীর ফাইলস'এর
ব্লকবাস্টার 'দ্য কাশ্মীর ফাইলস'
দিব্যি ছিলেন খোশ মেজাজে, কিন্তু সেই দিন আর দীর্ঘস্থায়ী হল না আলিয়া ভাট বা অক্ষয় কুমারের মত মেগা তারকাদের। কারণ এখন সকলের মুখে শুধুই একটা নাম, 'দ্য কাশ্মীর ফাইলস'। করোনা কালের দীর্ঘ দুই বছরের খড়া কাটিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেস্টা করছে বিনোদন জগত। আর তারই মাঝে থিয়েটার ব্যবসায়ীদের কাছে অনেকটা 'মসিহা'র মত এসে দাঁড়াল এই ছবি। আম জনতার চায়ের কাপ থেকে দেশের রাজনৈতিক ময়দান, সব জায়গায় তুফান তুলে 'ব্লকবাস্টার হিট'এর মুকুট 'দ্য কাশ্মীর ফাইলস'এর মাথায়।

ভূস্বর্গ ভয়ঙ্কর!
১৯৯০ সালে ঠিক কী হয়েছিল কাশ্মিরী পণ্ডিতদের সঙ্গে, কীভাবে মাত্র ১ রাতের মধ্যে সারা জীবনের সঞ্চয় থেকে শুরু করে নিজেদের বাড়ি ঘর, কাজ, জীবন সবকিছু ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হয় হাজার হাজার কাশ্মিরী পণ্ডিতকে সেইসব রোমহর্ষক ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই সিনেমা। মূলত প্রায় ৪বছরের গবেষণা এবং পরীক্ষার ফলাফল হল এই ছবি, যা দেখে গোটা দেশের মুখে এই মুহূর্তে শুধুমাত্র এই সিনেমার নামই উঠে আসছে।

রেকর্ড ছুঁল দ্য কাশ্মীর ফাইলস
দেখতে দেখতে ২সপ্তাহের কোটায় পড়ল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য কাশ্মীর ফাইলস। কিন্তু প্রতিদিন নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে এবং ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সব রেকর্ড ভেঙ্গে বিজয় ধ্বজা নিয়ে এগিয়ে চলেছে এই মুভি। শুক্রবার মোট ২০৭ কোটি টাকার ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। আর সেই সঙ্গে ভেঙ্গে দিয়েছে সব পুরনো রেকর্ড। এককথায় করোনার পর সবথেকে বেশি অঙ্কের ব্যবসা তো করলই এই সিনেমা সেই সঙ্গে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে দিল আলিয়া ভাটের গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি বা 'খিলাড়ি' কুমারের বচ্চন পাণ্ডেকে। সেই সঙ্গে আইএমডিবি রেটিং-এও ভারতীয় সিনেমা হিসেবে শীর্ষ তালিকায় রয়েছে দ্য কাশ্মীর ফাইলস।

বলিউডে ইতিহাস
স্বল্প বাজেটে তথাকথিত কাপুর, খান বা অন্যান্য তারকা ছাড়াও যে ভালো সিনেমা বানানো যায়, শুধু তাই নয়, সেই সিনেমাকে ব্লকবাস্টার করা যায় তা এক কথায় দেখিয়ে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন পরিচালক বিকেব অগ্নিহোত্রী। আর মিঠুন চক্রবর্তী যে এখনও বলিউডের মহাগুরু, তা আরও একবার প্রমানিত হল দ্য কাশ্মীর ফাইলসের মাধ্যমে। সঙ্গে অনুপম খেরের মত অন্যতম সেরা অভিনেতা এবং পল্লবী জোশি, দর্শন কুমার কোনও অংশে কম যান না, সেটিও বেশ পরিষ্কার সকলের কাছে। এরই মধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়াতে ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। বলিউডে ইতিহাস রচনা করল এই ছবি।

তোলপাড় রাজনীতি
তবে শুধু যে সিনেপ্রেমী দর্শকরা আছেন তাই নয়, বরং গোটা দেশের রাজনৈতিক মহলেও তোলপাড় করছে 'দ্য কাশ্মীর ফাইলস'। কাশ্মীর পণ্ডিতদের সঙ্গে যে নৃশংস বর্বর অত্যাচার হয়েছিল তার জ্বলন্ত নজির এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত পদ্ম শিবির। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভূয়সী প্রশংসা করেছেন এই সাহসী ছবি তৈরি করার জন্য। আবার অপরদিকে 'আপ লিডার' অরবিন্দ কেজরিওয়াল শুক্রবারই এই ছবির সমালোচনা করে বিজেপিকে কটাক্ষ করেছেন। এর আগে কোনও সিনেমা নিয়ে এহেন রাজনৈতিক উন্মাদনা হয়েছে কীনা তা সন্দেহ, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications