বছরের শুরুতেই বড় খবর! পুজোয় আসছে ‘রঘু ডাকাত’, প্রকাশ্যে এল পোস্টার
২০২৪ সালে মুক্তি পাওয়া সুপার হিট বাংলা ছবিগুলির মধ্যে অন্যতম দেবের 'খাদান'। এবার বিশ্ব ২০২৫ সালে পা রাখতেই আরও বড় চমক দিলেন দেব। নতুন বছরের প্রথম দিনেই পরবর্তী ছবি 'রঘু ডাকাত'- এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেতা দেব। শুধু তাই নয়, সব ঠিক থাকলে চলতি বছরের পুজোয় যে এই ছবি মুক্তি পেতে চলেছে তা একপ্রকার নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা এসভিএফ।
২০২৪-এর শেষলগ্নে এসে দেবের জয়জয়কার বাংলার বক্স অফিসে। মুক্তির দু'সপ্তাহ পরেও 'খাদান' জ্বরে কাঁপছে বাংলার উত্তর থেকে দক্ষিণ। মাত্র ১১ দিনে বক্স অফিসে ১০ কোটির গণ্ডি পার করে ফেলেছে দেবের ছবি, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 'খাদান' মুক্তির সময় সারা দেশে রাজ করছিল 'পুষ্পা ২ দ্য রুল'। এরই মাঝে বড়পর্দায় মুক্তি পায় দেব অভিনীত 'খাদান'। যা সেইসময় পুষ্পা রাজকে পিছনে ফেলে ঝড় তোলে গোটা বাংলায়।

এবার আসছে দেব অভিনীত আরও এক ধামাকাদার ছবি 'রঘু ডাকাত'। ২০২১ সালে এসভিএফ ঘোষণা করেছিল রঘু ডাকাতের। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। খালি গায়ে ধুতি পরে খড়গ আর মশাল হাতে দাঁড়িয়ে রয়েছেন দেব, মাথায় ফেট্টি। বছর চারেক আগে 'রঘু ডাকাত'-এর এমন লুক দেখে চমকে গিয়েছিলেন সকলে। কিন্তু জানা যায়, তারপর থেকে বারবার আটকে গিয়েছে ছবির কাজ। কার্যত বাক্সবন্দি হয়ে পড়েছিল এই প্রোজেক্ট। এবার ২০২৫-এর শুরুতে 'রঘু ডাকাত'-এর আগমনের খবর দিল এসভিএফ।
সব ঠিক থাকলে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে দেব অভিনীত ছবি 'রঘে ডাকাত'। ইতিমধ্যেই সাফল্যের শীর্ষে 'খাদান'। আর এই সাফল্যই 'রঘু ডাকাত'-কে বড়পর্দায় নিয়ে আসতে চলেছে বলে মনে করছেন অনেকে।
২০২৫-এর পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজও নিয়ে আসছে নতুন ছবি 'রক্তবীজ-২'। পাশাপাশি ওই একই সময়ে মুক্তির সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার ছবি। সবমিলিয়ে এবারের পুজোয় যে বাংলা ছবির দুনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications