লন্ডনে উবারে চড়ে ভয়ে শিহরিত হয়ে উঠলেন এই অভিনেত্রী
লন্ডনে উবারে চড়ে ভয়ে শিহরিত হয়ে উঠলেন এই অভিনেত্রী
উবারে উঠে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে সোনম কাপুরের। তাও আবার খোদ লন্ডনের রাস্তায়। সোনম এতটাই ভয় পেয়েছেন যে নিজের ফ্যান এবং ফলোয়ারদের ক্যাবের বদলে গণ পরিবহণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার একটি টুইট করে একথা জানিয়েছেন অভিনেত্রী। সোনম লিখেছেন, এটা তাঁর জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা। উবারে বসে আতঙ্কে শিউরে উঠেছিলেন তিনি।

কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?
সোনম জানিয়েছেন, যে উবারে তিনি চড়েছিলেন তার চালক সম্পূর্ণ ভাবে সুস্থ ছিলেন না। সমানে চিৎকার করছিলেন। অসংলগ্ন কথা বলছিলেন। আর তাতেই ভয় পেয়ে যান অভিনেত্রী। ভক্তদের উদ্দেশে সোনম লিখেছেন, 'সকলে খুব সাবধানে থাকুন। সবচেয়ে ভাল হয় ক্যাবের বদলে গণ পরিবহনে চড়ুন। অন্তত আপনি নিরাপদ থাকবেন।’ সেদিনের ঘটনায় সোনম যে যথেষ্ট আতঙ্কিত হয়েছিল সে কথাও জানিয়েছেন তিনি। টুইটে লিখেছেন, 'উবারে বসে আমি ভয়ে কাঁপছিলাম।’
ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধেও অভিযোগ করেছেন
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনম। তারপরেই মিঞা–বিবি লন্ডনে নতুন বাড়ি কেনেন। বছরের অনেকটা সময়েই লন্ডনে থাকেন সোনম। ছবির কাজ ও অন্যান্য শুটিংয়ের জন্য লন্ডন থেকে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে তাঁর। ক’দিন আগেই ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন অভিনেত্রী। সেবারও টুইট করে সোনম লিখেছিলেন, পরপর তিনবার ব্রিটিশ এয়ারওয়েজে যাতায়াত করেছেন তিনি। তার মধ্যে দু’বারের সফরে তাঁর লাগেজ হারিয়ে ফেলেছিল ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। ক্ষুব্ধ হয়ে সোনম জানিয়েছিলেন, 'অনেক হয়েছে। ঠেকে শিখেছি। আর কখনও ব্রিটিশ এয়ারওয়েজে সফর করব না।’ এরপর অবশ্য প্রকাশ্যে সোনমের কাছে ক্ষমা চেয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
আতঙ্কে অভিনেত্রী
তবে এবার সোনমের সঙ্গে যা হয়েছে তাতে ভীষণ ভাবে আতঙ্কে রয়েছেন অভিনেত্রী। উবারে চালক মদ্যপ অবস্থায় এসব করছিলেন কিনা সে ব্যাপারে অবশ্য টুইটে কিছু লেখেননি সোনম। এমনকি অভিনেত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে উবার চালকের অসংলগ্ন আচরণে সোনম যে খুব ভয় পেয়ে গিয়েছিলেন সেকথা নিজের টুইটে স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications