প্রিয়াঙ্কা–সুশান্ত খুব ঘনিষ্ঠ ছিলেন, রিয়ার হোয়াটস অ্যাপ চ্যাটের পাল্টা ভিডিও শেয়ার বোন শ্বেতার
প্রিয়াঙ্কা–সুশান্ত খুব ঘনিষ্ঠ ছিলেন, রিয়ার হোয়াটস অ্যাপ চ্যাটের পাল্টা ভিডিও শেয়ার বোন শ্বেতার
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমশঃ যেন জটিল হয়ে উঠেছে। তদন্তকারী সংস্থাগুলো যেমন অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে টানা হেঁচড়া করছে, অন্যদিকে রিয়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুশান্তের বিষয়ে নতুন অনেক তথ্য সামনে নিয়ে আসছে। সম্প্রতি রিয়া প্রয়াত অভিনেতার একগুচ্ছ হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ার করেছেন, যেখানে সুশান্ত নিজের বোন প্রিয়াঙ্কাকে 'পুরো শয়তান’ ও 'ধান্দাবাজ’ বলে উল্লেখ করেছেন। যদিও তা সবৈব মিথ্যা বলে দাবি করেছেন সুশান্তের আর এক বোন শ্বেতা।

পাল্টা ভিডিও পোস্ট সুশান্তের বোনের
হোয়াটসঅ্যাপ কথোপকথনের এই স্ক্রিনশট মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়ার পর সুশান্তের আমেরিকা নিবাসী বোন শ্বেতা এই অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য অভিনেতার পুরনো ভিডিও শেয়ার করেন, যেখানে অভিনেতা জানিয়েছেন যে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিলেন। পুরনো সাক্ষাতকারে অভিনেতা বলেন, ‘আমি সকলের খুব কাছের, কিন্তু আমার এক বোন, তাঁর সঙ্গে আমি বেশি ঘনিষ্ঠ কারণ তিনিও আমারই মতো। বেশ কিছু জিনিস রয়েছে আমাদের মধ্যে যা একেবারে এক।' এই ভিডিও শেয়ার করে শ্বেতা লিখেছেন, ‘সুশান্ত মেনে নিয়েছে যে সে তার বোন প্রিয়াঙ্কার (সোনু দি) সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল কারণ সে অনেকটা সুশান্তের মতোই।'

দিদির বিরুদ্ধে ক্ষোভ সুশান্তের
অন্যদিকে রিয়ার আইনের দল একটি সংবাদ সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া ওই চ্যাটে সুশান্ত জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন তাঁর বোন ‘সিধ ভাই'কে চালাচ্ছেন (যদিও এটা অস্পষ্ট যে সুশান্ত এখানে তাঁর বোনের স্বামী সিদ্ধার্থ নাকি তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানির কথা উল্লেখ করেছেন।) তিনি লিখেছেন, ‘(প্রিয়াঙ্কা) তুমি এটা করেছো, এই লজ্জাজনক কাজ করার পর সেটা ঢাকার জন্য তুমি ভিক্টিম কার্ড ব্যবহার করে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছ, তুমি যেটা করেছ, সেটা ঠিক করনি। মদ্যপানের প্রভাবে এভাবে কাউকে হেনস্থা করলে সেটা লজ্জাজনক।' সুশান্ত আরও লিখেছেন যে তাঁর বোন তাঁর মায়ের শিক্ষার বিরুদ্ধে গিয়েছেন। তিনি লেখেন, ‘নিজের অহংয়ের কারণে তুমি অন্ধ হয়ে গেছো, ভগবান তোমার মঙ্গল করুক কারণ আমি ভয় পাই না এবং বিশ্বের কিছু পরিবর্তনের জন্য যা প্রয়োজনীয় করে আসছি সেটাই করে যাব। ইশ্বর ও প্রকৃতি ঠিক করুক কোনটা সঠিক কাজ।'

রিয়া ও তাঁর পরিবারের প্রশংসা
এর পাশাপাশি আবার রিয়ার পরিবারের সম্বন্ধে মন খুলে প্রশংসা করতে দেখা যায় সুশান্তকে। তিনি রিয়াকে তাঁর জীবনে থাকতে ও সবকিছু ভাল রাখতেও অনুরোধ করেন। শুধু তাই নয়, রিয়াকে অভিনেতা বলেন, ‘রিয়া যেন সবসময় হাসেন । হাসলে তাঁকে দেখতে সুন্দর লাগে। এখন আমি একটু ঘুমোতে চাই। আমার ইচ্ছা আমি যেন সুন্দর একটি স্বপ্ন দেখি। বাই।'

ঝামেলা মিটে গিয়েছিল প্রিয়াঙ্কা–সুশান্তের
তবে দিদি প্রিয়াঙ্কার সঙ্গে সুশান্তের এই ঝগড়ার কথা আগেই প্রকাশ্যে এনেছিলেন রাজপুত পরিবারের আইনজীবী। গত বছর ১৪-১৯ এপ্রিলের মধ্যে এই ঘটনাগুলি ঘটে । সে সময়ই প্রথম রিয়ার সঙ্গে আলাপ হয়েছিল সুশান্তের। আইনজীবী জানিয়েছিলেন, রিয়া সে সময় সুশান্তকে বুঝিয়েছিলেন দিদি তাঁকে হেনস্থা করছেন। সে কথা বিশ্বাসও করে নিয়েছিলেন সুশান্ত। পরে অবশ্য অভিনেতার ভুল ভাঙে এবং দিদির সঙ্গে সব অশান্তি মিটে যায় ।












Click it and Unblock the Notifications