সারা মুখে ব্যান্ডেজ আর কাটা দাগ, শাহরুখের জওয়ান-এর টিজার প্রকাশ্যে আসতেই উত্তেজনা তুঙ্গে
প্রকাশ্যে এল শাহরুখের জওয়ান-এর টিজার
শাহরুখ খানের ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। গত দিন থেকেই তার আসন্ন ছবি নিয়ে গুঞ্জন ছিল। পরিচালক অ্যাটলির আসন্ন ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জল্পনা ছিল। বলা বাহুল্য দীর্ঘদিন ধরেই নতুন সিনেমার জন্য হাপিত্যেশ করে বসে ছিলেন কিং খানের আপামর ভক্ত ও অনুরাগীরা। স্বভাবতই, শাহরুখ ভক্তদের জন্য তাঁর ব্যাক টু ব্যাক দুটি ছবির মুক্তি উপহারের চেয়ে কম কিছু নয়। জানা গিয়েছে বলিউডের বাদশার আসন্ন এই সিনেমার নাম রাখা হয়েছে 'জওয়ান'। তবে শুধু নাম ঘোষণাই নয়, সরাসরি টিজারও প্রকাশিত হয়েছে এই ছবির। মুক্তিপ্রাপ্ত ভিডিওতে শাহরুখ খানের একটি আভাসও দেখানো হয়েছে যাতে তাঁকে একটি অ্যাকশন প্যাকড অবতারে দেখা যেতে চলেছে। জানা গিয়েছে ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় আসবে। সেইসঙ্গে ফ্যানেদের উত্তেজনা বাড়িয়ে সিনেমা মুক্তির তারিখও প্রকাশ্যে চলে এসেছে।

দুর্দান্ত টিজার
সম্প্রতি সামনে এসেছে অ্যাটলি পরিচালিত বলিউডের বাদশা শাহরুখ খানের আগামী ছবি 'জওয়ান'এর টিজার ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাহরুখ একটি পুরানো জায়গায় আছেন যা অস্ত্রে ভরা। কাপড়ের টুকরো দিয়ে ব্যান্ডেজের মতো মুখ বেঁধে রেখেছেন বাদশ। তাঁর মুখে কাটা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সেইসঙ্গে একটি চোখ ঢেকে আছে ব্যান্ডেজে। সেই মুহূর্তে ক্যামেরা বন্ধ হলে শাহরুখ হেসে বলেন, 'রেডি?' টিজারে কখনও তাঁর হাতে বন্দুক আবার কখনও ছুরি দেখা গিয়েছে। কখনও আবার অস্ত্র ভর্তি ব্যাগের চেইন বন্ধ করে দিতে দেখা যাচ্ছে শাহরুখকে।
তাঁর আগামী ছবি 'জওয়ান'এর বেশ কয়েক সেকেন্ডের এই টিজারটি শেয়ার করেছেন খোদ 'বাদশা' শাহরুখ খান। এই টিজার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'জওয়ান নিয়ে আসছে অ্যাকশন প্যাকড ২০২৩। আগামী ২রা জুন ২০২৩-এ একটি জমকালো বিনোদনে ভরপুর ছবি যা মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায়। ছবিটি প্রযোজনা করেছেন গৌরী খান' সেইসঙ্গে ছবি পরিচালনা করছেন অ্যাটলি।

বাদশার অ্যাকশন অবতার
টিজার দেখেই বোঝা যাচ্ছে শাহরুখ গ্র্যান্ড কামব্যাক করতে চলেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী নয়নতারাকে। 'জওয়ান'-এ সানিয়া মালহোত্রারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সূত্রের খবর, ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ। শাহরুখের প্রথম চরিত্র হল একজন 'র' অফিসার যিনি একজন বাবা এবং তাঁর ছেলে একজন গ্যাংস্টার। তিনিও শাহরুখ। সেইসঙ্গে অভিনেত্রী নয়নতারা হলেন একজন উচ্চপদস্থ তদন্তকারী অফিসার।
শাহরুখের আগামী সিনেমা
শাহরুখের ব্যাক টু ব্যাক ৩টি সিনেমা আসছে বড় পর্দায়। সম্প্রতি তিনি রাজকুমার হিরানির সঙ্গে 'ডঙ্কি' ছবির কথা ঘোষণা করেছেন বলিউডের বাদশা। আর তার আগে 'পাঠান' ছবির টিজারও মুক্তি পেয়েছে সম্প্রতি। সব মিলে বেশ দীর্ঘ সময় পর বড় পর্দায় হ্যাট্রিক করার জন্য প্রস্তুত শাহরুখ খান।












Click it and Unblock the Notifications