ফের বাংলা ছবিতে তনুজা-সৌমিত্র জুটি! পরিচালক পরমব্রত
কে তুমি নন্দিনী....! তনুজাকে দেখে পাড়ার ফচকে সৌমিত্রের (মান্না দে-র কন্ঠে) গলায় এই গান আজও বাঙালির মনে উজ্জ্বল। সঙ্গে তিন ভুবনের পারে ছবিতে তনুজা সৌমিত্র জুটির কেমিস্ট্রিই বা কে ভুলতে পারে।
এখন দুজনেরই বয়স হয়েছে, চামড়া কুঁচকে গিয়েছে। কিন্তু কেমিস্ট্রি এখনও বজায় রয়েছে। আর তাই তো কয়েক দশক পর তনুজাকে বাংলা ছবিতে ফিরিয়ে আনতে চলেছেন 'পরিচালক' পরমব্রত চট্টোপাধ্যায়।

সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও নিয়মিত অভিনয় করে চলেছেন। তবে, বহুদিন হল তনুজা বাংলা ছবিতে অভিনয় ছেড়েছেন। কিন্তু ফের মুখ্য চরিত্র নিয়েই ফিরছেন। ছবির নাম সোনার পাহাড়। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের দ্বিতীয় ছবি এটি। এই ছবি মূলত মা ও ছেলের সম্পর্ক নিয়েই তৈরি।
তনুজা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত নিজেও এই ছবিতে অভিনয় করছেন। এছাড়াও থাকছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। থাকছে ৭ বছরের এক শিশু অভিনেতাও।

আগস্ট মাসের মাঝামাঝি শুরু হবে ছবির শুটিং। ছবিতে সৌমিত্র এবং তনুজার কেমিস্ট্রি কীভাবে পোট্রে করা হবে তা নিয়ে সেভাবে কিছু বলতে চাননি পরম। তবে এটুকু জানিয়েছেন, ছবিতে রয়েছে চমক। তনুজা-সৌমিত্রর কেমিস্ট্রির নস্টালজিয়া বহাল থাকবে এছবিতেও।












Click it and Unblock the Notifications