১২ বছরেই গান বানিয়ে তাক লাগালেন জিৎ কন্যা নবন্যা ও ভাইঝি কৃষা! ‘ক্রিসমাস ইভ’-এর হাত ধরেই শুরু হল তাঁদের পথ চলা
আজ ২৫ ডিসেম্বর। বড়দিন। বিশ্বজুড়ে চলছে ক্রিসমাসের নানা অনুষ্ঠান। এরই মাঝে গান বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন জিৎ কন্যা নবন্যা। মাত্র ১২ বছর বয়সেই লিখে ফেললেন আস্ত একটা গান। এই গানের সুরও করেছেন সুপারস্টার বাবার কন্যা নবন্যা স্বয়ং। এই কাজে তাঁর সঙ্গী হয়েছিলেন তুতো বোন কৃষা।
সম্প্রতি বড়দিন উপলক্ষ্যে জিৎ-এর কন্যা ও ভাইঝির তৈরি 'ক্রিসমাস ইভ' গানটি। ইতিমধ্যেই ইউটিউবে গানটি শুনে ফেলেছেন নেটিজেনরা। গানটি শোনা মাত্রই এই দুই খুদেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। বর্ষশেষে সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিয়েছেন জিৎ-এর মেয়ে নবন্যা এবং কৃষার সুরেলা কণ্ঠ।

মেয়ের এই প্রতিভা সকলের সামনে আনতে পেরে গর্বিত বাবা জিৎ। গানটি প্রকাশ পাওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুপারস্টার জিৎ। তিনি জানান, 'আমার গোটা পরিবার ভীষণ খুশি আমাদের এই দুই মেয়ের এমন গোপন একটা প্রতিভা প্রকাশ পাওয়ার জন্য। আমরা ভীষণ অবাক হয়েছি।
পাশাপাশি ভীষণ খুশিও হয়েছি। চমকটা কিন্তু ছিল বেশ মজাদার। দুই মেয়েরই গানের দিকে প্রচন্ড ঝোঁক রয়েছে এবং ওরা ইতিমধ্যেই একাধিক গান লিখে ফেলেছে ও তাতে সুর দিয়ে ফেলেছে। যেহেতু এটা উৎসবের সময়, তাই আমরা মনে করেছিলাম, একটা উৎসবের গান, একটা ক্রিসমাসের গান দিয়েই ওদের সফর শুরু করা যাক। ক্রিসমাসের আমেজ মোড়া রয়েছে এই গানটায়। ওদের পক্ষে এর থেকে ভালো শুরু আর হতে পারত বলে মনে হয় না।'
জিৎ কন্যা নবন্যা ও ভাইঝি কৃষা বলেন, 'আমাদের বয়স ১২ বছর। চিরকালই আমাদের নাচ আর গানের দিকে ভীষণ আগ্রহ। পাশাপাশি আমরা গান তৈরি করতেও ভীষণ ভালবাসি। ক্রিসমাসের সময়ও তাই মনে হল দুজন মিলে একটা গান লিখে ফেলাই যায়। যেমন ভাবা তেমনই গান, গান লিখে ফেললাম।
এই সময়টা, ক্রিসমাসের শহর আমাদের অনুপ্রাণিত করেছে এই গানটি লেখার জন্য। আমাদের ভীষণ অনুপ্রাণিত করেন টেইলর স্যুইফট। Olivia Rodrigo-ও আমাদের ভীষণ প্রিয়। আমাদের বাবা-মা ও আমাদের নতুন এই কাজে আমাদের সাহায্য করেছেন'।
ক্রিসমাসের এই গানের মধ্যে দিয়েই নতুনভাবে পথ চলা শুরু হল নবন্যা ও কৃষার। ওঁরা নিজেদের লক্ষ্যে আরও এগিয়ে যাবে বলেই আশাবাদী অভিনেতা জিৎ।












Click it and Unblock the Notifications