সিনেমা হল পুনরায় খুলতেই মারাঠা মন্দিরে ফিরে এল শাহরুখ–কাজলের নস্ট্যালজিক সিনেমা ডিডিএলজি
সিনেমা হল পুনরায় খুলতেই মারাঠা মন্দিরে ফিরে এল শাহরুখ–কাজলের নস্ট্যালজিক সিনেমা ডিডিএলজি
নব্বই দশকের সবচেয়ে রোম্যান্টিক ছবি, যা আজও দর্শকদের মনে জায়গা করে রয়েছে, সেই ছবিটি হল সুপারস্টার শাহরুখ খান ও কাজল জুটির 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ২৫ বছরে পা দিল ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই ছবি। নস্ট্যালজিক এই ছবির ২৫ বছর পূর্তিতে ভক্তরা যেখানে এই দিনটি পালন করছে, শুধুমাত্র তাঁদের জন্যই এই সুখবর। এসআরকে–কাজলের সেই ম্যাজিক ফের দেখতে পাবেন দর্শকরা। কারণ শুক্রবার পুনরায় এই সিনেমাটি মুক্তি পাচ্ছে।

কোভিড–১৯ মহামারির জন্য মহারাষ্ট্রে এতদিন বন্ধ ছিল সিনেমা হল। তবে আটমাস পর সিনেমা হলগুলি পুনরায় খোলার পর, ডিডিএলজি ছবিটি মারাঠা মন্দিরে মুক্তি পেল শুক্রবার। বাণিজ্য বিশ্লেষক ও সিনেমা সমালোচক তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'ডিডিএলজি ফের সিনেমা হলে ফিরছে। সিনেমা হল মহারাষ্ট্রে পুনরায় খোলার পর আদিত্য চোপড়ার আইকনিক ছবি ডিডিএলজি, শাহরুখ–কাজল অভিনীত, মারাঠা মন্দিরে মুক্তি পাচ্ছে শুক্রবার আবার। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন চলা ও সবচেয়ে সাফল্য পাওয়া ছবি হল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।’
১৯৯৫ সালে মিক্তি পাওয়ার পর ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবি সবচেয়ে বেশিদিন ধরে চলেছে। গত ২০ বছর ধরে মুম্বইয়ের মারাঠা মন্দিরে এই ছবি চলছে। শাহরুখ খান ও কাজল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা অমরীশ পুরি, অনুপম খের, ফরিদা জালাল, মন্দিরা বেদী ও পরমিত শেঠি। ছবিতে এক অন্য ধরনের ভালোবাসার কাহিনীকে তুলে ধরার পাশাপাশি যতীন–ললিতের সুরের গান আজও চিরস্মরণীয়।
সিনেমা হল পুনরায় খোলা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন এই রাজ্য বিনোদন ক্ষেত্রে বিশ্বের দরবারে এক আলাদা নজির গড়েছে এবং দীর্ঘদিন ধরে অবিস্মরণীয় সিনেমা তৈরি করে চলেছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে ফিল্ম ও বিনোদন ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার কথা বলবেন যাতে একসঙ্গে কাজ করে বিনোদন জগতকে আরও সমৃদ্ধ করা যায়।












Click it and Unblock the Notifications