‘অতীতে যেতে পারলে ঔরঙ্গজেবকে কড়া থাপ্পড় মারতাম’, কেন বললেন বিজয় দেবেরাকোন্ডা?
পহেলগাঁও আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। চারিদিকে এই নিয়ে চলছে বিস্তর আলোচনা। ঘটনার তীব্র নিন্দা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মানুষরা প্রত্যেকে। আর এবার এই ঘটনার জন্যে গোটা দেশকে কড়া বার্তা দিলেন মহিলাদের হার্ট থ্রব দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা।
জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি হায়দরাবাদে সুরিয়ার আসন্ন ছবি 'রেট্রো'-এর প্রচার অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি ঔরঙ্গজেবের শাসনকাল, ভারতের ঔপনিবেশিক ইতিহাস এবং কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন।

৩৫ বছর বয়সী এই অভিনেতা জানান, ইতিহাসে ফিরে যাওয়ার সুযোগ পেলে তিনি প্রথমেই ব্রিটিশদের এবং ঔরঙ্গজেবকে "কড়া থাপ্পড়" মারতেন। তাঁর কথায়, "আমি সম্প্রতি 'ছাভা' সিনেমা দেখেছি, এবং তা দেখে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। আমি যদি অতীতে যেতে পারতাম, তাহলে ব্রিটিশদের দুটো কষিয়ে থাপ্পড় মারতাম। এরপর ঔরঙ্গজেবকেও দুই-তিনটি জোরালো থাপ্পড় মারার সুযোগ নিতাম। এই মুহূর্তে এটুকুই আমার ভাবনা"।
অন্যদিকে, যখন একই প্রশ্ন করা হয় অভিনেতা সুরিয়াকে, তিনি জানান অতীতে ফিরে গিয়ে কাউকে দেখার বা কিছু করার ইচ্ছা তাঁর নেই। তবে বর্তমান পরিস্থিতি তিনি বদলাতে চান। যা যা ঘটে চলেছে, সেগুলোর বদল চান।
এছাড়াও, বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি পহেলগাঁও-এ হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, "কাশ্মীরে যা ঘটছে তার একমাত্র সমাধান হল মানুষকে শিক্ষিত করা এবং তাদের মগজ ধোলাই রোধ করা। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর কাশ্মীরিরা আমাদের ভাইবোন"।
তিনি আরও স্মরণ করেন যে, সামান্থার সাথে 'খুশি' ছবির শুটিংয়ের সময় কাশ্মীরে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছিল। "স্থানীয়দের সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। ওদের আতিথেয়তা, ভালোবাসা এখনও মনে পড়ে", আবেগভরা কণ্ঠে এমনটাই বলেন দেবেরাকোন্ডা।
এদিনের অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডাকে অতীতের কোন অভিনেত্রীর সাথে কাজ করতে ইচ্ছুক সে সম্পর্কেও প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, তিনি সোনালী বেন্দ্রে ও সিমরানের সাথে কাজ করতে আগ্রহী রয়েছেন। দেবেরাকোন্ডার এই মন্তব্যগুলি অনলাইনে দ্রুত ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তবে কাশ্মীর নিয়ে তিনি যা মন্তব্য করেছেন তা ভাবাচ্ছে দেশবাসীকে।












Click it and Unblock the Notifications