৪০–এ মারা গেলেন সিদ্ধার্থ শুক্লা, কি ঘটেছিল মৃত্যুর আগের রাতে? তদন্ত শুরু করেছে পুলিশ
৪০–এ মারা গেলেন সিদ্ধার্থ শুক্লা, কি ঘটেছিল মৃত্যুর আগের রাতে? তদন্ত শুরু করেছে পুলিশ
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের মুম্বইয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বিগ বস ১৩ সিজনের বিজয়ীকে তড়িঘড়ি মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে যে বুধবার রাতে ঘুমোনোর আগে তিনি কিছু ওষুধ খেয়েছিলেন এবং সকালে ঘুম থেকে না ওঠায় তাঁর পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে যান। সিদ্ধার্থের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগের রাতে কি হয়েছিল সিদ্ধার্থের সঙ্গে আসুন জেনে নেওয়া যাক।

কি ঘটেছিল আগের দিন রাতে
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত ৩টে-৩.৩০টের সময় সিদ্ধার্থ শুক্লার শারীরিক সমস্যার সৃষ্টি হয়। বুকে ব্যাথা ওঠে। তিনি তাঁর মাকে তাঁর অসুস্থতার কথা ও বুকে ব্যাথার কথা জানান। তাঁর মা তাঁকে জল দেন খেতে এবং শুয়ে পড়তে বলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থ ঘুম থেকে ওঠেননি। তাঁর মা তাঁকে ঘুম থেকে তোলার শত চেষ্টা করেন কিন্তু সিদ্ধার্থ কোনও সাড়া দেননা। অসহায় ও বিচলিত হয়ে এরপর সিদ্ধার্থের মা রীতা অভিনেতার বোনকে জানান এবং সিদ্ধার্থের বোন চিকিৎসককে ফোন করেন। সকাল ৯টা ৪০ নাগাদ সিদ্ধার্থকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতার বোন, জামাই, জ্ঞাতি ভাই ও সিদ্ধার্থের তিনজন বন্ধু। ১০টা ১৫ নাগাদ কুপার হাসপাতালের পক্ষ থেকে সিদ্ধার্থকে মৃত ঘোষণা করা হয়। সিদ্ধার্থের মৃতদেহ তিনবার পরীক্ষা করা হয়। কিন্তু শরীরে কোনও আঘাতের চিহ্ন ও অন্য কোনও সন্দেহজনক বিষয় নজরে পড়েনি।

ময়নাতদন্তে কিছুই মেলেনি
কুপার হাসপাতালে সিদ্ধার্থকে নিয়ে যাওয়ার সময় ডাঃ নীরাঞ্জন তাঁকে সাড়ে দশটা নাগাদ পরীক্ষা করেন এবং ভর্তি নেওয়ার আগেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে প্রয়াত অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পুলিশকে তখনই খবর দেওয়া হয়নি। কুপার হাসপাতালে সিদ্ধার্থকে তাঁর পরিবার ও বন্ধুরা মিলে নিয়ে আসেন।
সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, সিদ্ধার্থের ময়নাতদন্ত শুরু হয় দুপুর ৩টে ৪৫ মিনিটে। এই ময়নাতদন্তের ভিডিও করা হচ্ছে এবং সাক্ষী হিসাবে দু'জন মুম্বই পুলিশ ছিলেন।

সুশান্তের মতোই মৃত্যু নিয়ে ধোঁয়াশা
চিকিৎসকদের দল এই ময়নাতদন্ত করেন। যেহেতু এই মামলাটি গত বছর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার মতো সংবেদনশীল, তাই চিকিৎসক ও পুলিশ এই বিষয়টি নিয়ে বহুবার পরীক্ষা-নিরীক্ষা করছেন। সন্ধ্যা ৬টার সময় ময়নাতদন্ত শেষ হয়। সিদ্ধার্থের পরিবার থেকেও কোনও প্রশ্ন তোলা হয়নি। তবে ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে। এরপর সিদ্ধার্থের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ তদন্ত করে দেখছে সিদ্ধার্থ শুতে যাওয়ার সময় কোনও ওষুধ খেয়েছিলেন কিনা বা সিদ্ধার্থের কোনও ওষুধ চলছিল কিনা।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যু
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশের দল মুম্বইতে সিদ্ধার্থের বাড়িতে তদন্তের জন্য এসেছেন।












Click it and Unblock the Notifications