লক্ষ্য থেকে শের শাহ, কার্গিল যুদ্ধের বিজয়গাথা অবলম্বনে তৈরি এইসব সিনেমা, যা আপনাকে দেখতেই হবে
সাল ১৯৯৯, ভারত তথা বিশ্বের ইতিহাসে স্মরণীয় একটি বছর। এই বছরই মে থেকে জুলাই মাসের মধ্যে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে সংঘটিত হয় ভয়ংকর যুদ্ধ। জাতির অখণ্ডতাকে সমুন্নত রাখতে এবং দেশ রক্ষা করার জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন ভারতের বীর জওয়ানরা।
কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের আত্মত্যাগকে সম্মান জানাতে পালিত কার্গিল বিজয় দিবস ভারতকে অসামান্য পরাক্রমীদের শৌর্যগাথার কথা মনে করিয়ে দেয়। এটি আসলে ভারতের ১৩০ কোটি দেশবাসীর সম্মান বিজয়ের দিন। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ ২৫ বছরে পদার্পণ করল।

গোটা দেশ ভারতীয় সেনা বাহিনীর পরমবীর জওয়ানদের স্মরণ করছে। তবে কারগিলের ভয়াবহ যুদ্ধের ইতিহাস অবলম্বনে বেশকিছু সিনেমা তৈরী হয়েছে বলিউডে। যেগুলি দেখলে আজও বীর সেনাদের দেশের জন্য আত্মত্যাগ ও সর্বোচ্চ বলিদানের গৌরব গাথা স্মরণে আসে।
যা একদিকে যেমন চোখে জল এনে দেয়, অন্যদিকে গর্ববোধও হয় প্রতিটি মানুষের মনে। বিজয় দিবস উপলক্ষ্যে চলুন জেনে নেওয়া যাক এমনই বলিউডের ছবির কথা যেখানে কার্গিল যুদ্ধের গল্প এবং দেশের বীর সেনাদের দেখানো হয়েছে।
- এলওসি কার্গিল
২০০৩ সালে মুক্তি পায় এলওসি কার্গিল ছবিটি। ভারত-পাকিস্তান যুদ্ধে কার্গিলের ভয়ঙ্কর লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই ছবি। মাল্টিস্টারার এই ছবিতে কার্গিলে শহীদ সেনাদের গল্প দেখানো হয়েছে। পরিচালক প্রযোজক জেপি দত্ত নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, নাগার্জুন, সাইফ আলি খান, সুনীল শেট্টি, অভিষেক বচ্চন, মনীশ বহল, মনোজ বাজপেয়ী, আশুতোষ রানা, রানি মুখোপাধ্যায়, এশা দেওয়ল, করিনা কাপুর প্রমুখ তাবড় কলাকুশলীরা। কার্গিল যুদ্ধে প্রচণ্ড লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে দেশ থেকে কীভাবে পাকিস্তানি অনুপ্রবেশকারী সেনাদের উৎখাত করেছিল ভারতীয় সেনা সেই কাহিনী খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। বক্স অফিসে ছবিটি মোটামুটি প্রভাব ফেলেছিল।
- লক্ষ্য
কার্গিল যুদ্ধের উপর ভিত্তি করে ২০০৪ সালে মুক্তি পায় লক্ষ্য। এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে হৃতিক রোশন, প্রীতি জিন্টা ও অমিতাভ বচ্চনকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন বোমান ইরানি, সুশান্ত সিং, আদিত্য শ্রীবাস্তব প্রমুখ নামজাদা কলাকুশলীরা। অভিনেতা তথা নির্দেশক ফারহান আখতার পরিচালিত এই সিনেমা দুর্দান্ত সারা ফেলেছিল দর্শক মহলে। ছবিতে করণ শেরগিল কীভাবে একজন ভাবলেশহীন উদাসীন ছেলে থেকে ভারতীয় সেনার যোগ্য কমান্ডেন্ট হয়ে যুদ্ধ জয় করবেন তা দেখানো হয়েছে।
- শেরশাহ
কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রা। সেনা রেজিমেন্টে তাঁর কোড নেম ছিল শের শাহ। তাঁর মত বীর যোদ্ধা ভারতের প্রকৃত গর্ব। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি অভিনীত ছবি শেরশাহও কার্গিল যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। ছবিটি মূলত ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক। কার্গিলে পিক পয়েন্ট ৪৮৭৫ পাকিস্তানি সেনাদের কাছথেকে পুনর্দখল করতে গিয়ে শহিদ হন বিক্রম বাত্রা। মরণোত্তর, বিক্রম বাত্রা সর্বোচ্চ বীরত্ব পুরস্কার, পরম বীর চক্রে ভূষিত হন। বড় পর্দায় শের শাহ সুপারহিট হয়।
- ধুপ
কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের জীবন সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত ধুপ ছবিটিও দর্শকদের মনে বেশ দাগ কেটেছে। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেনের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরবর্তীতে তাঁর পরিবারের জীবন সংগ্রাম ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ওম পুরি এবং রেবতীর মতো কলাকুশলীদের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications