Shefali Jariwala: মাত্র ৪২-এই প্রয়াত শেফালি জরিওয়ালা, 'কাঁটা লাগা গার্ল' পরাপারে কীভাবে?
'কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শেফালি জরিওয়ালা 'বিগ বস ১৩’-তেও অংশ নিয়েছিলেন।
সম্প্রতি এক ইন্টারভিউয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই 'কাঁটা লাগা গার্ল' ট্যাগটি তাঁর কেমন লাগে? সেটা থেকে তো বেরিয়ে আসা গেল না। শেফালি তৎক্ষণাৎ বলেছিলেন, এই ট্যাগ আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার সঙ্গে থাকবে। আমি এটা নিয়ে খুব খুশি। অর্থাৎ কাঁটা লাগা গার্ল সবসময়ই এই নামে খুশি ছিলেন। তবে আচমকাই সব শেষ হয়ে গেল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার রাতে শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হন। তাঁর স্বামী পরাগ ত্যাগী তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর মরদেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুপার হাসপাতালের সহকারি মেডিক্যাল অফিসার জানিয়েছেন, অন্য একটি হাসপাতাল থেকে মরদেহ আনা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে মুম্বই পুলিশ ঘটনার তদন্তের জন্য গভীর রাতে আন্ধেরিতে শেফালির বাসভবনে পৌঁছয়। একটি ফরেনসিক দলও সেখানে উপস্থিত ছিল এবং তাঁরা বাড়িটি ভালোভাবে পরীক্ষা করে দেখে। যদিও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে পুলিশ ও ফরেনসিক দলের উপস্থিতি ঘটনা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, "আন্ধেরি এলাকায় তাঁর বাসভবনে অভিনেত্রীর মরদেহ পাওয়া গিয়েছে। মুম্বই পুলিশ রাত ১টায় খবর পায়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
শেফালি জরিওয়ালা ২০০২ সালে 'কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর তিনি সলমন খানের 'মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেন এবং ২০১৯ সালে 'বেবি কাম না’ ওয়েব সিরিজেও কাজ করেছেন। এছাড়াও তিনি 'বুগি উগি’ ও 'নাচ বলিয়ে’-এর মতো জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো-তেও অংশ নিয়েছিলেন। রিয়েলিটি শো বিগ বস-এও দেখা গিয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications