২ বছরের বিশ্রাম সেরে এ বছর চুটিয়ে সিনেমার শুটিং, হাতে নাকি একগুচ্ছ ছবি শাহরুখ খানের
শাহরুখ খানের আসন্ন সিনেমা
'কবে আপনার সিনেমা মুক্তি পাবে’? 'কবে আপনাকে সিনেমা হলে দেখতে পাব’? 'আপনার নতুন ছবির ঘোষণা করুন দয়া করে’। এগুলি মাত্র কয়েকটি প্রশ্ন যা ভক্তদের কাছ থেকে পেয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি টুইটারে শাহরুখের 'আসক এসআরকে’ সেশনে অভিনেতাকে এমন প্রশ্নই বিদ্ধ করেছিল। শাহরুখের ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে চলেছেন তাঁর নতুন ছবির। ২০১৮ সালে ক্যাটরিনা ও অনুষ্কা শর্মার সঙ্গে জিরো সিনেমার পর আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। যদিও এখন শাহরুখ খুব কড়াভাবে কোভিড মহামারি বিধি অনুসরণ করে চলেছেন। কিন্তু এখন সিনেমা হল খুলে গিয়েছে এবং এসআরকে ভক্তরা তাঁর নতুন ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন। যদিও অভিনেতার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা এ নিয়ে করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় খবর ঘুরছে যে শাহরুখের কাছে এই মুহূর্তে বহু সিনেমা রয়েছে।

পুনেতে চলছে নয়নতারার সঙ্গে শুটিংয়ের কাজ
শোনা যাচ্ছে 'পাঠান' শেষ না হতেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমারের পরবর্তী সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন শাহরুখ! শনিবার সকালে ট্রেড অ্যানালাইসিস রমেশ বালা আসন্ন সিনেমার কয়েকটি আপডেট টুইট করে অ্যাটলিকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ছবিটির সাফল্যও কামনা করেছেন তিনি। এদিকে নতুন এই প্রকল্পের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ভারতের পুনেতে ছবিটির শুটিং শুরু করেছেন শাহরুখ খান। সেখানে তাঁর সঙ্গে আরও যুক্ত হয়েছেন দক্ষিনী অভিনেত্রী নয়নতারা। পুনেতে ১০ দিন ধরে শুটিং চলবে বলে জানা যাচ্ছে। এই ছবিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার ও প্রিয়মণি রয়েছেন। আশা করা যাচ্ছে তেলেগু অভিনেতা রানা ডাগ্গুবাতি এই শুটে শীঘ্রই যোগ দেবেন।

পাঠান ছবিতে দীপিকার সঙ্গে শাহরুখের জুটি
এটা নিয়েও কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তবে এটা খুব জোরের সঙ্গে বিশ্বাস করা হচ্ছে যে শাহরুখ খানকে ফের ওম শান্তি ওমে তাঁর সহ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে। দীপিকা ও শাহরুখ খান সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং স্পেনে সেরে ফেলেছেন। এই সিনেমায় দেখা যাবে জন আব্রাহামকেও।

রাজকুমার হিরানির ছবিতে শাহরুখ?
অন্যদিকে শোনা যাচ্ছে যে 'দিলওয়ালে'র পর ফের আরও একবার বলিউডের রোম্যান্টিক জুটি শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে দেখা যেতে পারে। পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবিতে এই জুটি ফের নিজেদের ম্যাজিক দেখাতে পারেন বলে খবর। রিপোর্ট অনুযায়ী, হিরানির কমেডি ছবিতে শাহরুখ-কাজলকে দেখা যেতে পারে। এছাড়াও এই সিনেমাতে থাকবেন বিদ্যা বালান, তাপসী পান্নু, মনোজ বাজপেয়ী ও বোমান ইরানির মতো অভিনেতারা।

ডন ৩–এর কাজ শুরু হয়েছে
শাহরুখ খানের হিট ছবির তালিকায় ডন ও ডন ২-এর নাম রয়েছে। দর্শক এখন ডন ৩-এর অপেক্ষায় বসে রয়েছেন। শোনা যাচ্ছে ডন ৩-এর কাজ শুরু হবে। শাহরুখ খান এই সিনেমার স্ক্রিপ্টের কাজ শুরু করে দিয়েছেন। তবে এখনও তেমন কিছুই জানা যায়নি।

ক্যামিও চরিত্র
শাহরুখ খানকে এছাড়াও দেখা যেতে পারে ক্যামিও চরিত্রে। শোনা যাচ্ছে আর মাধবন অভিনীত রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট ছবিতে শাহরুখকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। এছাড়াও অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র সিনেমায় শাহরুখ খান এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করবেন। শোনা যাচ্ছে আমির খানের লাল সিং চাড্ডা ছবিতেও নাকি দেখা যেতে পারে শাহরুখ খানকে। তবে এগুলি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।












Click it and Unblock the Notifications