Jawan: কোটি টাকার টিকিট বিক্রি! রিলিজের আগেই রেকর্ড কিং খানের জওয়ানের
একেই বলে বাদশাহী কামব্যাক। বলিউডের বাজিগর যে তিনিই, সেই কথাই আরও একবার বুঝিয়ে দিচ্ছেন কিং খান শাহরুখ। রইস, জব হ্যারি মিট সেজল, ডিয়ার জিন্দেগি, একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ার পর প্রায় ৪ বছর বড় পর্দা থেকে দূরে সরেছিলেন তিনি। শুধু তাই নয়, এরই মাঝে তাঁর ব্যক্তিগত জীবন এবং ছেলে আরিয়ান খানকে ঘিরে বিতর্কও নেহাত কিছু কম হয়নি। প্রশ্ন উঠেছিল তাঁর পিতৃত্ব নিয়েও। কিন্তু সেইসব অন্ধকার সময় এখন অতীত।
আবার স্বমহিমায় ফায়ার এসেছেন বলিউডের বাদশা। এর আগে অনেক বিতর্ক থাকার পরেও বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ অভিনীত পাঠান। সেখানে তাঁর বিপরীতে ছিলেন দীপিকা পাডুকোন। আর এবার ফের জওয়ান হয়ে ফিরছেন শাহরুখ খান। আর মুভি রিলিজের দিনক্ষণ সামনে আসতেই রেকর্ড গড়লেন তিনি।

জওয়ান-এ জানেমন
পাঠানের সাফল্যের পর আবার বড় পর্দায় নিজের জাদু দেখতে তৈরি শাহরুখ খান। তাঁর দিওয়ানা ফ্যানেরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবির ট্রেলার মুক্তির জন্য। ছবিটির প্রিভিউ মুক্তির পরই গুঞ্জন তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। আর সেই মতোই সারা ফেলে দিল জওয়ান সিনেমার ফার্স্ট লুক। সিনেমার প্রিভিউ ভিডিও খুব পছন্দ দর্শকদের। এদিকে, সেন্সর বোর্ড শাহরুখ খানের ছবি 'জওয়ান'কে ইউ/এ সার্টিফিকেট দিয়ে পাশ করেছে বলে খবর। তবে এর পাশাপাশি ছবিটিতে ৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে এর রানটাইমও নাকি খানিক কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে পাঠান নিয়ে বিতর্ক হয়েছিল ভালোই। আর তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না মেকাররা। তবে সিনেমা যে হিট করতে চলেছে সে বিষয়ে এখন থেকেই আশাবাদী শাহরুখ ফ্যানেরা।
ট্রেলারের অপেক্ষায় ফ্যানেরা
শাহরুখ খান বলে কথা, তাই তাঁর যে কোনও প্রজেক্ট যে আলাদা মাত্রায় হবে তা বলা বাহুল্য। তেমনই ইতিমধ্যেই জওয়ান সিনেমার ট্রেলার রিলিজ নিয়ে ভক্তদের মধ্যে তুঙ্গে রয়েছে উত্তেজনা। সম্প্রতি সানি দেওলের 'গদর ২'-এর মতো সুপারহিট সিনেমার পর, দর্শকরা এখন আরেকটি ব্লকবাস্টার সিনেমার অপেক্ষায় রয়েছেন। প্রথম ঝলকে দেখা যাচ্ছে মুখে অদ্ভুত ভাবে ব্যান্ডেজ বেঁধে বসে রয়েছেন শাহরুখ। আর সোজাসুজি রয়েছে তাঁর তীক্ষ্ণ দৃষ্টি। আর এই লুক দেখেই মন হারিয়েছেন দর্শকরা। এখন অপেক্ষা ছবির ট্রেলারের। সব ঠিক থাকলে আগামী ২৮ অগাস্ট ট্রেলার রিলিজ করতে চলেছে জওয়ানের।

সেন্সর বোর্ডের ছাড়পত্র
তবে যে কোনও সিনেমা বড় পর্দায় আসার আগে উত্তেজনা থাকে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে। এমন অনেক সিনেমার ক্ষেত্রে সেন্সর বোর্ডের নানা বিষয় ও নির্দেশ নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে দেখা গিয়েছে অসন্তোষ। তবে এসব ব্যাপারে অবশ্য বরাবরই সাবধানী শাহরুখ খান। সূত্রের খবর, সেন্সর বোর্ড জওয়ান ছবির বেশকিছু সংলাপ ও শব্দ পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। এছাড়াও আত্মহত্যার একটি দৃশ্য কেটে ছোট করা হয়েছে। 'জওয়ান' ছবির রানটাইম কমিয়ে ২ ঘণ্টা ৪০ মিনিট করেছে। এর পাশাপাশি কিছু দৃশ্যে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। শাহরুখ খানকে 'জওয়ান' ছবিতে 'কমান্ডো বিক্রম'-এর ভূমিকায় দেখা যাবে। ছবিতে তাঁর দ্বিতীয় অবতার হবে পুলিশ অফিসার আজাদের ভূমিকায়। তবে বহুদিন পর নেগেটিভ গ্রে চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখকে।
অ্যাডভান্স টিকিট বুকিংয়ে বাজিমাত
শাহরুখ খান অভিনীত জওয়ান মুক্তি পেতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর। হিসেবে মত হাতে আর কিছুদিন বাকি। তবে এরই মধ্যে রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এই ছবির। যেখানে ভারত তো বটেই, এছাড়া দুবাই ও আমেরিকাতেও কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রবাসী ভারতীয়রা তো আছেনই, পাশাপাশি বিদেশিদের মধ্যেও শাহরুখ খানকে নিয়ে উন্মাদনা কম নয়। জানা গিয়েছে, মার্কিন মুলুকে ৩৬৭টি জায়গায় মোট ১৬০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে জওয়ান। সেখানে এখনও পর্যন্ত ৯৭০০-র বেশি টিকিট বিক্রি হয়েছে। যার পরিমাণ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। তবে মুক্তির আগে সেই টাকার পরিমান আরও কয়েক কোটি বাড়বে বলেই মনে করছেন নির্মাতারা।












Click it and Unblock the Notifications