‘সনক’ ট্রেলারে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে দেব–প্রেমিকা রুক্মিণী মন জয় করলেন দর্শকদের
সনক ছবির ট্রেলার মুক্তি
টলিউডে পা জমানোর পর এবার হিন্দি ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রাখতে চলেছেন রুক্মিণী মৈত্র। মহালয়ার ঠিক আগের দিন প্রকাশ্যে এল রুক্মিনীর বলিউড ডেবিউ 'সনক’ এর ট্রেলার। এই ট্রেলার বুঝিয়ে দিল যে শুধু বাংলাতেই নয়, হিন্দি ইন্ডাস্ট্রিতেও যথেষ্ট সাবলীল রুক্মিণী। বলিউডের কম্যান্ডো বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে রুক্মিণীর উপস্থিতি নজর কাড়ল দর্শকদের। ছবির প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং জি স্টুডিও। রোম্যান্স আর অ্যাকশনে ভরপুর 'সনক’-এর ট্রেলারে মুগ্ধ দেবও।

অ্যাকশনে ভরপুর এই ছবি
এই ছবিতে রুক্মিণী ও বিদ্যুৎ জামওয়াল ছাড়াও রয়েছেন নেহা ধুপিয়া, চন্দন রায় সান্যাল। ট্রেলার দেখে ইঙ্গিত মিলল, এই ছবিও বিদ্যুতের অন্য ছবির মতোই একেবারে অ্য়াকশন প্যাকড। হাসপাতালে জঙ্গি হানাকে কেন্দ্র করেই যে গল্প এগোবে, তা বোঝা গেল ট্রেলারেই। ছবিটা মুক্তি পাবে ১৫ অক্টোবর।

২০১৭ সালে কেরিয়ার শুরু করেন রুক্মিণী
বন্ধু দেবের হাত ধরে ২০১৭ সালে টলিপাড়ায় সফর শুরু করেছিলেন রুক্মিনী। গত পাঁচ বছরে রুক্মিনীর ফিল্মোগ্রাফিতে দেব ব্যতীত ছবি বলতে গেলে এতদিন ছিল একমাত্র আবিরের বিপরীতে 'সুইজারল্যান্ড'। কিন্তু এবার একলাফে বলিউডে রুক্মিণী। এখন অভিনেত্রী দেবের বিপরীতে কিশমিশ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

বিপুল শাহের পছন্দ হয় রুক্মিণীকে
এক সংবাদমাধ্যমকে ছবি প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানান, তাঁর প্রোফাইল দেখে পছন্দ হয়েছিল প্রযোজক বিপুল শাহর। তিনিই রুক্মিণীর প্রোফাইল 'সনক' ছবির পরিচালক কণিষ্ক বর্মাকে দেখান। তারপরই অডিশনের প্রস্তাব দেওয়া হয়। সেই সময় অন্য একটি ছবির প্রচার করছিলেন রুক্মিণী। প্রায় একমাস বাদে অডিশনের রেকর্ডিং পাঠিয়েছিলেন। রেকর্ডিং পছন্দ হওয়ার পরই কথাবার্তা এগোয়। আর টলিপাড়ার নায়িকার বলিউড সফর শুরু হয়। 'সনক' ছবির ট্রেলার দেখে আপ্লুত রুক্মিণীর স্পেশাল বন্ধু অভিনেতা দেবও। টুইট করে দেব লিখলেন, 'আমি আগেই বলেছিলাম... অনেক দূর যেতে হবে তোমাকে।'
সনক–এর ট্রেলার
ট্রেলারের শুরুতেই দেখা মিলল বিদ্যুৎ ও তাঁর স্ত্রী (রুক্মিণী)-এর কথোপকথন দিয়ে। রুক্মিনীর হৃদপিণ্ড ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে, প্রয়োজন অস্ত্রোপচার। কিন্তু জীবনযুদ্ধে হার মানতে না-রাজ রুক্মিনী। অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর ঘটল বিপত্তি। সেখানে সন্ত্রাসবাদীদের হামলা। গোটা হাসপাতাল জঙ্গিদের দখলে, স্ত্রীকে রক্ষা করতে এরপর 'হিরো'-র এন্ট্রি। একের পর এক জঙ্গিকে কুপোকাত করছেন এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নেহা ধুপিয়াকে। ছবির প্লট মোটামুটি ট্রেলারেই স্পষ্ট, তবে গল্পে অন্য কোনও মোচড় থাকে কিনা, তা দেখতে আগ্রহী দর্শক।












Click it and Unblock the Notifications