ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র পেল সম্রাট পৃথ্বীরাজ, ৪ টি সংলাপ পরিবর্তনের নির্দেশ
সম্রাট পৃথ্বীরাজ নিয়ে সামনে এল এক বড় খবর। ইতিমধ্যেই রাজপুত কর্ণি সেনার রোষের মুখে পড়েছে অক্ষয় কুমার অভিনীত এই ছবি। যার জেরে নাম পাল্টে ফেলে শুধু 'পৃথ্বীরাজ' বদলে 'সম্রাট পৃথ্বীরাজ' করা হয়েছে সিনেমার নাম। আর এই ঘটনার দিন কাটতে না কাটতেই সামনে বড় আপডেট এল বলিউডের আগামী ঐতিহাসিক ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' নিয়ে। আর এর ফলে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নির্মাতারা।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দেওয়া হল বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'কে। শনিবারেই প্রকাশ্যে এসেছে বলিউডের 'খিলাড়ি' এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লর অভিনীত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' নিয়ে নয়া তথ্য। জানা গিয়েছে যে সম্রাট পৃথ্বীরাজকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে ২০২২ সালের জানুয়ারি মাসেই মুক্তির ছাড়পত্র দেওয়া হয়। ভারতের ঐতিহাসিক পটভূমিকায় তৈরি এই ছবিটি সম্পূর্ণ প্রস্তুত ছিল ২০২১ সালেই। এবং এর আগে চলতি বছরের শুরুতে অর্থাৎ গত ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় করোনার তৃতীয় ঢেউ। আর সেই কারণেই ওই সময় এটি মুক্তি থেকে স্থগিত করা হয়।
সম্রাট পৃথ্বীরাজ' ছবিটিকে পাঁচটি দৃশ্য পরিবর্তনের শর্ত দেয় ভারতীয় সেন্সর বোর্ড। এবং তারপরেই একে ইউ/এ শংসাপত্র দিয়ে পাস করা হয়েছে। সেন্সর বোর্ডের কমিটি এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে নির্মাতাদের উদ্দেশ্যে, যেখানে বলা হয়েছে যে চলচ্চিত্র নির্মাতা বা এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত কোন ব্যক্তি জোহর, সতীদাহ বা এই জাতীয় কোন প্রথাকে উৎসাহিত বা প্রচার করতে পারবেন না। বাকি চারটি পরিবর্তন ছিল সংলাপের ক্ষেত্রে। এক্ষেত্রে সেন্সর বোর্ডের নির্দেশিকাকে মাথায় রেখে 'হারান' শব্দটি 'ওয়ারান' দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে । ' নানা'কে সরিয়ে 'ঋষি' দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। 'কাবজা' পরিবর্তন করে 'হামলা' করা হয়েছে। এবং 'অন্তিম' শব্দটি বাদ দিয়ে তার জায়গায় 'মহান' শব্দ ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেন্সর বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তনগুলি সম্পন্ন করার পর, 'সম্রাট পৃথ্বীরাজ'কে চলতি বছরের শুরুতেই অর্থাৎ ২০২২ সালের ১২ জানুয়ারী রিলিজ করার শংসাপত্র দেওয়া হয়েছিল। সেন্সর বোর্ডের দেওয়া শংসাপত্র অনুযায়ী, অক্ষয় কুমার ও মানুষী চিল্লর অভিনীত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'এর সময়কাল মোট ১৩৫.৩৯ মিনিট, বা 'সম্রাট পৃথ্বীরাজ' সিনেমা ২ ঘন্টা ১৫ মিনিট ৩৯ সেকেন্ড দীর্ঘ। তবে করোনার জন্য পিছিয়ে যায় ছবির মুক্তি। এবার আগামী ৩ জুন বড় পর্দায় আসতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ'।












Click it and Unblock the Notifications