Saif Ali Khan: ব্যক্তিগত গাড়ি প্রস্তুত নেই, অটোরিক্সাতে করেই বাবাকে নিয়ে হাসপাতালে দৌড়ান সইফ পুত্র ইব্রাহিম!
অভিনেতা সইফ আলি খান, গত রাতেই বড় বিপদের মুখোমুখি হয়েছেন নিজেরই বাড়িতে। এক আততায়ীর হামলাতে আক্রান্ত হয়েছেন অভিনেতা। বাড়ির সদস্যদের সামনেই ঘটেছে সেই ঘটনা। এক নয়, শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন তিনি। শরীরে ৬ জায়গায় ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছেন সইফ। রীতিমতো হাড়হিম করা দৃশ্য। অথচ সেই সময়ই মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সইফ পুত্র ইব্রাহিম।
তখন রাত আড়াইটে, এরকম ঘটনা ঘটার পর হুলূস্থুল পড়ে যায় সইফের বাসভবনে। সেই সময় একটা মিনিটও ভীষণ দামী। তাই তেইশ বছর বয়সী ইব্রাহিম, একজন অভিনেতা হওয়া স্বত্ত্বেও, তার আহত বাবা সইফ আলি খানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান অটো রিক্সাতে করে। কেননা বাড়ির ব্যক্তিগত গাড়ি রেডি হতে, বের করতে সময় নিচ্ছিল। কিন্তু অত সময় ছিল না হাতে। তাই ইব্রাহিম সময় নষ্ট না করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ভাবে, সইফ কে অটোরিক্সাতে করেই লীলাবতী হাসপাতালে নিয়ে যান। অভিনেতার বান্দ্রার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই হাসপাতাল, তবুও তাতেই যান ইব্রাহিম ও সইফ।

হামলার পরের একটি ভিডিওতেই এই দৃশ্য ধরা পড়ে। যেখানে দেখা যায়, সইফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপূর খান অটোরিক্সার পাশে দাঁড়িয়ে বাড়ির কর্মীদের সঙ্গে কথা বলছেন।
৫৪ বছর বয়সী অভিনেতা গত রাতে তার বাড়িতে একজন অনুপ্রবেশকারীর সাথে লড়াইয়ের সময় আততায়ীর ছুরির আঘাতে গুরুতর আহত হন। তার অস্ত্রোপচার করা হয়েছে এবং এখন তিনি বিপদ মুক্ত। সইফের পরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে সইফ আলি খানের বাসভবনের পাশের বিল্ডিংয়ের কম্পাউন্ড থেকে লাফ দিতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেই পুলিশের সন্দেহ হয়। আর তারপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। তাদের একজনকে পাশের কমপ্লেক্স থেকে সইফের বিল্ডিং কম্পাউন্ডে ঢুকতে দেখা গেছে ওই সিসিটিভিতেই। পুলিশ দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে চিহ্নিত করেছে যারা সিঁড়ি দিয়ে অভিনেতার বাসভবনে প্রবেশ করেছিল। তাঁদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।
উল্লেখ্য, এই ঘটনার পর থেকে হাসপাতালেই রয়েছেন ইব্রাহিম। সকালে হাসপাতালে গিয়েছিলেন সইফের প্রথম পক্ষের সন্তান সারা আলি খানও। তবে এখনও পর্যন্ত তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিং-কে দেখা যায়নি হাসপাতালে। সেই বিষয়ে অবশ্য কথাও বলছেন না কেউ। আপাতত, সইফের সুস্থতার দিকেই নজর রয়েছে সকলের।












Click it and Unblock the Notifications