মহালয়ার বড় চমক! নটী বিনোদিনী চরিত্রে রুক্মিণীর প্রথম দর্শন
তোমার চৈতন্য হোক! এই একটা কথাই বদলে দিয়েছিল তাঁর গোটা জীবন। শ্রীরামকৃষ্ণ পরমহংসের এই আশীর্বাদ আজও ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। কিন্তু ঠাকুর এই আশীর্বাদ যাঁকে করেছিলেন, তিনিও যে নেহাত সামান্য নারী নন! আর এবার নটী বিনোদিনীর জীবন কাহিনী বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
বিপুল চর্চিত নটী বিনোদিনী চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। অবশেষে সব জল্পনার ইতি টানলেন স্বয়ং অভিনেত্রী। মহালয়ার দিনেই সোশ্যাল মিডিয়া সাইটে নটী বিনোদিনীর প্রথম লুক শেয়ার করলেন রুক্মিণী মৈত্র। একই সঙ্গে সামনে এল প্রথম পোস্টারও।

এই ছবিতে ন্যাশানাল থিয়েটারের প্রতিষ্ঠাতা গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। গুর্মুখ রায়ের চরিত্রে দেখা যেতে চলেছে মীরকে। কুমার বাহাদুর চরিত্রে রয়েছেন ওম সাহানি। তবে সব থেকে বড় চমক, রাঙা বাবুর চরিত্রে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফের দেখা যাবে রাহুল বোসকে। সিনেমার প্রযোজনার দায়িত্বে আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মস।
মাত্র ১১ বছরের কেরিয়ারে বাংলা থিয়েটারের দশা আর দিশা বদলে দিয়েছিলেন নটী বিনোদিনী। সীতা, দ্রৌপদী, রাধা, ইত্যাদি চরিত্রে অভিনয় করে ইতিহাসের পাতায় আজও অমর হয়ে রয়েছেন বিনোদিনী। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমিকায় তাঁর অভিনয় দেখে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব অবলীলায় বলেছেন আহা কী দেখলাম গো! কিন্তু অসামান্যা প্রতিভাময়ী হয়েও শেষ পর্যন্ত বঞ্চনা আর অবহেলার শিকার হয়ে জীবন কাটিয়েছেন বিনোদিনী দাসী।
পৌরানিক, সামাজিক বা ঐতিহাসিক যেকোন রকমের চরিত্র রূপায়নেই বিনোদিনী প্রতিভার পরিচয় দিয়েছিলেন । একই নাটকে তিনি বিভিন্ন চরিত্রে সফলতার সঙ্গে অভিনয় করেন। বিনোদিনী করুণরসাত্মক, ভক্তিরসাত্মক, গুরুভাবাপন্ন বা গভীর চরিত্রের রূপায়নে অনায়াস দক্ষ ছিলেন। তিনি হালকা এবং হাস্যরসাত্মক চরিত্রায়নেও নিপুন ছিলেন। আর এবার এই অসামান্য প্রতিভার অধিকারী অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন রুক্মিণী মৈত্র।












Click it and Unblock the Notifications