তিক্ততা ভুলে ফের শ্রাবন্তীর সঙ্গে ঘর বাঁধতে চান, আদালতের দ্বারস্থ স্বামী রোশন সিং
তিক্ততা ভুলে ফের শ্রাবন্তীর সঙ্গে ঘর বাঁধতে চান, আদালতের দ্বারস্থ স্বামী রোশন সিং
স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে ফের নতুন করে সংসার করতে চান রোশন সিং। সম্পর্কে ফাটল ধরেছে গত বছরই। তবু তিক্ততা ভুলে আবার শ্রাবন্তীর সঙ্গে ঘর বাঁধতে চাইছেন রোশন। ইতিমধ্যেই তিনি হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় 'রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থানের মাধ্যমে তিনি বিবাহ বিচ্ছেদ রুখে দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সম্পর্কের টানাপোড়েনে আবদ্ধ শ্রাবন্তী। তাঁর কেরিয়ারের একেবারে প্রথম দিকে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন তিনি। তাঁর ও রাজীবের একমাত্র সন্তান ঝিনুক। এরপর ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন টলি অভিনেত্রী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি।
এরপর দীর্ঘ তিন বছর একা থাকার পর ফের ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে গোপনে বিয়ে সারেন। বেশ ভালোই চলছিল সংসারের গাড়ি। কিন্তু তাতে ফের ছেদ পড়ে ২০২০ সালের নভেম্বরে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। আলাদা থাকতেও শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় পরোক্ষভাবে চলতে থাকে একে–অপরের বিরুদ্ধে বাক্যবাণ। এরপর কিছুটা স্তিমিত হয়ে যায় সবকিছু। শ্রাবন্তীও ব্যস্ত হয়ে পড়েন তাঁর নতুন জিম ও সিনেমার কাজ নিয়ে অন্যদিকে রোশনও নিজের জীবনকে গোছাতে শুরু করেন।
কিন্তু ৬ মাস পর হঠাৎ করে কেন রোশন সব তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাইছেন? তিনি নিজেদের সম্পর্ক বাঁচাতে মরিয়া চেষ্টা করছেন তাই আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকের মতে, বিবাহ বিচ্ছেদের পর শ্রাবন্তীকে মোটা টাকার খোরপোশ দিতে হবে রোশনকে। সেই চাপ থেকে বাঁচতে তিনি ফের শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান। তবে রোশন জানিয়েছেন এটা একেবারেই নয়।
কারণ শ্রাবন্তী তাঁর জীবন যাপনের জন্য কোনওদিনই রোশনের মুখাপেক্ষি ছিলেন না। তিনি কেবল সংসার করতে চান। যদিও রোশনের এই ইচ্ছা ও তাঁর পদক্ষেপ নিয়ে শ্রাবন্তীকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।












Click it and Unblock the Notifications