হাসপাতালের বেডে ঋতাভরী, সফল অস্ত্রোপচার, কি হয়েছিল অভিনেত্রীর দেখে নিন
হাসপাতালের বেডে ঋতাভরী, সফল অস্ত্রোপচার, কি হয়েছিল অভিনেত্রীর দেখে নিন
বেশ কিছুমাস ধরেই অসুস্থ ছিলেন, তবে তাঁকে দেখে সেটা একবারের জন্যও বোঝা যায়নি। বরং অসুস্থতা নিয়েই দিব্যি কাজ করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তবে সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি এখন অনেকটাই ভালো আছেন বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

জানা গিয়েছে, গত সাত মাস ধরে অসুস্থ ছিলেন ঋতাভরী। যন্ত্রণায় অত্যন্ত কাহিল হয়ে পড়েছিলেন। তবে তা একটুও বুঝতে দেননি নিজের ভক্ত ও অনুগামীদের। সফল অস্ত্রোপচারের পর তিনি তাঁর হাসি–খুশি একটি ছবিও পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, 'আমার অস্ত্রোপচার সফল হয়েছে, সমস্যাও নিরাময় হয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। একটুও বাড়িয়ে বলছি না, গত ৭ মাস ধরে প্রায় পাগলের মতো কেটেছে। আমি বলব, আমার জীবনের সবথেকে খারাপ সময় গিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা হত। এদিক ওদিক ঘুরে বেড়াতেও সমস্যা হত। তবে সেই যন্ত্রণায় ইতি। এখন অনেকটাই ভালো বোধ করছি। আমার মা ভীষণ চিন্তা করছিলেন, আমি তাঁকে ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে মায়েরা মা-ই হয়। আর আমিও সবসময় আমার মতোই। আপনাদের জানা, আমি ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা রইল।’
মধ্য কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসা চলছিল ঋতাভরীর। জানা গিয়েছে, ফিসচুলার সমস্যায় ভুগছিলেন তিনি আর সেজন্যই অস্ত্রোপচার করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। তিনি ইন্টারনেটে সদা সক্রিয় এবং তাঁর প্রতিদিনের জীবনকে তিনি তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করতে খুব ভালোবাসেন। এছাড়াও ঋতাভরী বহু সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। গত বছর তাঁর অভিনীত ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই করোনা ভাইরাসের কারণে লকডাউন জারি হয় আর সেজন্য তাঁর ছবিটিও চলতে পারেনি। তবে আনলক পর্যায়ে ওই ছবি ফের মুক্তি পায় এবং তা দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসিত। সিনেমার পাশাপাশি ঋতাভরী বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও মডেলিংয়ের কাজ করছেন চুটিয়ে।












Click it and Unblock the Notifications